বাড়ির পেছন থেকে শিশুকন্যা উদ্ধার, দায়িত্ব নিলেন দিশার বোন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, এপ্রিল ২১, ২০২৫ ৬:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, এপ্রিল ২১, ২০২৫ ৬:২৭ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক
ভারতীয় অভিনেত্রী দিশা পাটানির বড় বোন খুশবু পাটানি। সম্প্রতি তাদের বাড়ির পিছনেই একটি পরিত্যক্ত বাড়িতে এক কন্যা শিশুকে কেউ রেখে যায়। সকালে হাঁটতে বেরিয়েই দিশার বড় বোন খুশবুর কানে আসে বাচ্চার কান্নার আওয়াজ। তা অনুসরণ করেই শিশুটির কাছে পৌঁছান তিনি।
ছোট বোন পর্দার হিরোইন, আর বড় বোন দেশের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। খুশবু পাটানি ভারতের মেজর পদবীধারী প্রাক্তন সেনা অফিসার। পরিত্যক্ত এক শিশু কন্যাকে উদ্ধার করায় তাকে প্রশংসায় ভাসাচ্ছেন সবাই।
জানা যায়, বরৈলিতে তার বাড়ির পিছন থেকেই এক ছোট্ট শিশুকে উদ্ধার করেন তিনি। ধুলো-ময়লার মধ্যে শুয়েছিল ওই কন্যা শিশু। খুশবু তাকে দেখতে পেয়ে গায়ে হাত বুলিয়ে সান্ত্বনা দেন, উদ্ধার করে বের করে আনেন।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে খুশবু জানিয়েছেন, শিশুটি যাতে ভালভালে বেড়ে ওঠে এবং ভাল পরিবার পায়, তার দায়িত্ব নিচ্ছেন।
শিশুটিকে উদ্ধারের সময় সে মাটিতে শুয়ে কাঁদছিল, মুখে আঘাতের চিহ্ন ছিল। তাকে একটু শান্ত করেই খুশবু প্রথমে নিজের বাড়িতে আনেন এবং তার শুশ্রষা করেন। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ শিশুটিকে জেলা হাসপাতালে ভর্তি করায়। সেখানে তার চিকিৎসা চলছে।
সোশ্যাল মিডিয়াতেও গোটা ঘটনাটি পোস্ট করে খুশবু পাটানি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, পুলিশ, প্রশাসন সকলকেই ট্যাগ করে লেখেন, ‘দয়া করে দেশের কন্যা সন্তানদের রক্ষা করুন! কতদিন চলবে এইসব? ও যাতে সঠিক হাতে যায় এবং ওর ভবিষ্যত যাতে উজ্জ্বল হয়, তা নিশ্চিত করব আমি।’
এ বিষয়ে দেশটির সার্কেল অফিসার পঙ্কজ শ্রীবাস্তব জানিয়েছেন, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কে ওই শিশুটিকে ফেলে গিয়েছে, তা চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।
সূত্র: টিভি৯ বাংলা
জনতার আওয়াজ/আ আ