বিদেশে অর্থ পাচার: ফেরেনি এক টাকাও, কারণ ‘কেউ পাচারকারীর তালিকায়’ নাম ওঠাননি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মে ৭, ২০২৩ ৭:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মে ৭, ২০২৩ ৭:৪১ অপরাহ্ণ

চলতি অর্থবছরের বাজেট ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনার বিষয় ছিল বিনা প্রশ্নে বিদেশে পাচার করা টাকা ফেরত আনতে দেওয়া সুযোগ। তখন এ নিয়ে বেশ সমালোচনা হয়। অর্থনীতিবিদেরা বলেছেন, কেউ এ সুযোগ নেবে না। তাঁদের কথা সত্য হতে চলেছে। চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে কেউ ৭ শতাংশ কর দিয়ে টাকা দেশে আনেনি। বাংলাদেশ ব্যাংকের কাছে জানতে চেয়ে এনবিআর এমন তথ্য পেয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। বিদেশে পাচার করা টাকা ফেরত আনার সুযোগ দিয়ে চলতি অর্থবছরের বাজেটে বলা হয়, গত বছরের ১ জুলাই থেকে ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত এই সুযোগ নেওয়া যাবে। ৭ শতাংশ কর দিয়ে বাংলাদেশের বাইরে যেকোনো রূপে গচ্ছিত অপ্রদর্শিত অর্থ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈধভাবে দেশে এনে আয়কর রিটার্নে প্রদর্শন করা যাবে।
এই সুযোগ নিলে এনবিআরসহ অন্য কোনো সংস্থা এই বিষয়ে প্রশ্ন করবে না বলেও আশ্বাস দেওয়া হয়েছিল।
জনতার আওয়াজ/আ আ