অতিরিক্ত সচিবের ২৯ বইসহ বাতিল হলো বিতর্কিত বই কেনার প্রকল্প
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, আগস্ট ২৯, ২০২২ ৮:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, আগস্ট ২৯, ২০২২ ৮:০৮ অপরাহ্ণ

সরকারি কর্মকর্তাদের ‘জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস’ বাড়ানোর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নবীরুল ইসলামের ২৯টি বইসহ ১ হাজার ৪৭৭টি বই কেনার প্রকল্প বাতিল করা হয়েছে। সমালোচনার মুখে ৯ কোটি ৫৪ লাখ টাকার বই কেনার বিতর্কিত সেই প্রকল্পটি বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আজ সোমবার (২৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম সাংবাদিকদের এ তথ্য জানান।
পরবর্তী অর্থবছর থেকে লেখকের নামে না কিনে বিষয়ভিত্তিক বই কেনা হবে বলে জানান আলী আজম। তিনি বলেন, এই তালিকা বাতিল করে দিয়েছি। নতুন তালিকা করার জন্য আমি কমিটি করব। আপাতত তালিকা বাতিল করে দিয়েছি। পরবর্তীতে না জানানো পর্যন্ত কার্যক্রম না নেয়ার জন্য অনুরোধ জানিয়েছি। খুব তাড়াতাড়ি জানিয়ে দেব, এক সপ্তাহের মধ্যে হয়তো আমরা হেড দিয়ে দেব, ইতিহাস, সাহিত্য, কবিতা-এরকম করে দেব। ওরা ওদের মতো করে ফিলাপ করবে রুচিশীল বই।
উল্লেখ্য, সরকারি কর্মকর্তাদের ‘জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস’ বাড়ানোর জন্য বই কিনতে ৯ কোটি ৫৪ লাখ টাকা বরাদ্দ দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এজন্য ১ হাজার ৪৭৭টি বইয়ের তালিকা দেয়া হয়েছে। তালিকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নবীরুল ইসলামের ২৯টি বই রয়েছে। এ নিয়ে একটি জাতীয় দৈনিকে এক প্রতিবেদন প্রকাশের পর সমালোচনা শুরু হয়।
জনতার আওয়াজ/আ আ