অনতিবিলম্বে ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন চায় এনসিপি - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৯, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অনতিবিলম্বে ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন চায় এনসিপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ২১, ২০২৫ ৪:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ২১, ২০২৫ ৪:৪০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
অনতিবিলম্বে ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। বুধবার (২১ মে) দুপুরে এনসিপি ঢাকা মহানগর আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান তারা।

এনসিপির কেন্দ্রীয় সদস্য আল আমিন টুটুল বলেন, জনভোগান্তির আন্দোলন করে জনগণকে পাশে পাবেন না। এক দল চলে গেছে, আরেক দল খাওয়ার অপেক্ষায়। আমরা চাই স্থানীয় নির্বাচন, যাতে সবাই নাগরিক সুবিধা পায়।

বিক্ষোভ সমাবেশে কলাবাগান প্রতিনিধি মাসুম বিল্লাহ বলেন, বর্তমান ইসি প্রশ্নবিদ্ধ কাজ করছে, অবৈধ আইনে গঠিত হয়েছে। আমরা এ ইসি পুনর্গঠনের দাবি জানাই।

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেওয়ারও দাবি জানান তিনি।

জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আবু আবদুল্লাহ বলেন, অবৈধ উপায়ে গঠিত এ ইসি মেনে নেব না।

পল্লবী থানা শাখার রেহানা আক্তার রুমা বলেন, আমরা এখানে দাঁড়াতে বাধ্য হয়েছি। এ ইসির পরিবর্তন চাইছি।

রমনা থানা শাখার নারী প্রতিনিধি ডা. ইশরাত জাহান বলেন, আমি একজন মা, এখানে উপস্থিত হয়েছি। বড় দলগুলোর ব্যর্থতায় আমরা এনসিপিতে যোগ দিয়েছি। এ ইসিকে ধিক্কার জানাই, তারা একটি বড় দলকে সাপোর্ট করছে।

‘আপনারা বাধা হয়ে দাঁড়াবেন না। প্রয়োজনে আমরা মায়েরা পদত্যাগের দাবিতে বসে যাব।’

মিরপুর মডেল থানার প্রতিনিধি সাইফুল ইসলাম বলেন, আজ সারা দেশের মানুষের একই চাওয়া– ঢাকা দক্ষিণ নিয়ে বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ইসির পদত্যাগ চাই। ইসি পুনর্গঠন চাই।

উত্তরা পূর্ব থানার প্রতিনিধি মাহিন সরকার বলেন, ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে। এ ইসি হাসিনা সরকারের মতো চলছে। নতুন ইসি দিয়ে স্থানীয় নির্বাচন দিন, এর আগে জাতীয় নির্বাচনের আলাপ হবে না।

ধানমন্ডি থানা শাখার প্রতিনিধি জসিম নায়েদ বলেন, দেশে কোনো স্বচ্ছ নির্বাচন হয়নি। আমরা সবার কাছে গ্রহণযোগ্য ইসি চেয়েছিলাম। একটি দল পেট ভরতে যা লাগে করছে। …এ আট মাস ধরে সেবা পাচ্ছে না জনগণ। এজন্য স্থানীয় সরকার নির্বাচন দরকার।

গেন্ডারিয়ার প্রতিনিধি কামরুল হাসান বলেন, হাসিনাকে উৎখাত করেছি। আপনাদের উৎখাতে ১৫ সেকেন্ডও লাগবে না, পালাবেন কোথায়?

মোহাম্মদপুরের প্রতিনিধি আবু সুফিয়ান বলেন, এটা গণদাবি। ইসি পুনর্গঠন হলে সবার ভোটাধিকার নিশ্চিত হবে। তাই নতুন ইসি চাই।

এর আগে দুপুর পৌনে ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ সমাবেশ শুরু হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ