অনিবার্য পতন ঠেকাতে এই মাফিয়া সরকার জ্ঞানশূণ্য হয়ে পড়েছে: রিজভী - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৩৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অনিবার্য পতন ঠেকাতে এই মাফিয়া সরকার জ্ঞানশূণ্য হয়ে পড়েছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ৪, ২০২২ ৩:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ৪, ২০২২ ৩:১১ অপরাহ্ণ

 

অনিবার্য পতন ঠেকাতে এই মাফিয়া সরকার জ্ঞানশূণ্য হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘মাফিয়া সরকার কি যে করবে তার দিশা পাচ্ছে না। রক্তচোখের আগুন মাখা গণমানুষের বজ্রনিনাদে ভয়-আতংকে থর থর করে কাঁপছেন অবৈধ সরকারের মন্ত্রী-নেতারা। মনে হয় তারা চোখে সর্ষে ফুল দেখছেন। সারাদেশে বিএনপির গণসমাবেশগুলোতে ঘর-দুয়ার ছেড়ে আসা ভয়হীন মানুষের অভাবনীয় প্লাবন অবলোকন করে নিপীড়ক শেখ হাসিনা এখন ভয়ংকরভাবে সন্ত্রস্ত।’

রোববার (৪ নভেম্বর) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘সর্বাধিক জনপ্রিয় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাসার সামনে সেই বালুর ট্রাকের কায়দায় চেকপোস্ট-বেরিকেড দিয়ে পুলিশ অবরোধ করে রেখেছে। এটি দেশনেত্রী উপর নির্যাতনের আরেকটি নতুন মাত্রা। এমনিতেই বন্দী করে রাখা হয়েছে তারপর একের পর এক বন্দীত্বের ঘেরাটোপে তাঁকে আরো কঠোরভাবে বন্দী করে রাখার পায়তারা চলছে।’

বিএনপির এই মুখপাত্র অভিযোগ করে বলেন, ‘রাজশাহীর সমাবেশ থেকে ফেরার পথে আমিনবাজার থেকে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, নুরুল ইসলাম নয়নসহ যুবদলের নেতাদের তুলে নিয়ে গেছে ডিবি পুলিশ। তুলে নিয়ে যাওয়ার পরেও তাদের কোন খোঁজ দেয়নি। এক মারাত্মক হিংসাশ্রয়ী প্রতিশোধে নেমেছে আওয়ামী সরকার। ১০ই ডিসেম্বর নয়াপল্টনের জনসমাবেশকে বানচাল করার জন্য সরকারের পক্ষ থেকে অন্তর্ঘাতমূলক কাজে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। এক সর্বনাশা খেলা শুরু করেছে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেররা।’

রিজভী আরো বলেন, ‘কর্তৃত্ববাদী সরকারের সিংহাসন নড়ে উঠাতেই ওরা হিতাহিত জ্ঞানশূণ্য হয়ে পড়েছে। টেন্ডারবাজী, চাঁদাবাজী, টাকা পাচার ও ভূমি দখলের মতো অপরাধগুলোর সাথে জড়িত থাকার কারণে তারা ক্ষমতা ছাড়তে চায় না। কারণ অবৈধভাবে অর্থভিত্তের মালিক হওয়ায় ওরা আগামী দিনের বিচারের হাত থেকে বাঁচতেই ক্ষমতা আঁকড়ে রেখেছে। তাই ১০ই ডিসেম্বর নয়াপল্টনের সমাবেশকে শেখ হাসিনা নিরাপদ মনে করছে না। র‌্যাব-পুলিশকে দিয়ে শেখ হাসিনা গণতন্ত্র ধ্বংসের কাজ করেছেন। তাই তারা এখন শেখ হাসিনার হাতের পুতুল হিসেবে বিরোধী দলের কর্মসূচিকে বানচাল করার জন্য বেপরোয়া অভিযানে নেমেছে।’

বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে চেকপোষ্ট ও বেরিকেড বসানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী এবং সেগুলো প্রত্যাহারের জোর আহ্বান জানান। একই সাথে কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দীন টুকু ও সহ-সভাপতি নয়নকে কোথায় রাখা হয়েছে তার খোঁজ দিয়ে তার পরিবারের কাছে হাজির করার আহ্বান জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ