অনুপ্রবেশকারীদের সহযোগিতায় এই দেশটাকে আবার পাকিস্তান বানাতে চায় বিএনপি-জামায়াত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জানুয়ারি ২৫, ২০২৩ ১:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জানুয়ারি ২৫, ২০২৩ ১:৪৬ অপরাহ্ণ

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, শুধু এখন নয়, যখন থেকে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে তখন থেকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বিচার বানচাল ও দীর্ঘস্থায়ী করার কৌশল হিসেবে আওয়ামী লীগে অনুপ্রবেশ করেছে। সে ধারাবাহিকতায় বিএনপি-জামায়াতের লোকজন যেভাবে পারছে, আওয়ামী লীগে যোগ দিচ্ছে। অনুপ্রবেশকারীদের দাপটে মূলধারার অওয়ামী লীগের নেতাকর্মীরা কোণঠাসা হয়ে পড়েছে। অনুপ্রবেশকারীদের সহযোগিতায় এই দেশটাকে আবার পাকিস্তান বানাতে চায় বিএনপি-জামায়াত।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের বিজয় মেলার মঞ্চে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপির নেতারা বলেন পাকিস্তানের আমলে আমরা ভালো ছিলাম। আজ পাকিস্তান ধংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। এই অবস্থা যদি অব্যাহত থাকে, আগামী এক বছরের মধ্যে পাকিস্তানের অবস্থা শ্রীলংকার চেয়েও খারাপ হবে। দেউলিয়া রাষ্ট্র হিসেবে তাদের ঘোষণা করা হবে সারা পৃথিবীতে। বিএনপি ও তার সহযোগী দলগুলো দেশকে সেই পাকিস্তান বানাতে চাইছে। এই ষড়যন্ত্র সম্পর্কে আমাদের সজাগ হতে হবে। এই ষড়যন্ত্র শুধু প্রশাসনের মধ্যে আছে তা নয়। দীর্ঘকাল ক্ষমতায় থাকার ফলে আওয়ামী লীগের মধ্যেও তাদের অনুপ্রবেশ হয়েছে।
এ সময় জেলার ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অ্যাডভোকেট দীপক কুমার ঘোষের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি সামছুদ্দিন মানিক, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ