অনুষ্ঠান শুরু নিয়ে হট্টগোল, মেজাজ হারালেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অনুষ্ঠান শুরু নিয়ে হট্টগোল, মেজাজ হারালেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ৮, ২০২৬ ২:১৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ৮, ২০২৬ ২:১৭ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি : সংগৃহীত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২তম আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সামনে হট্টগোলের ঘটনা ঘটেছে। স্থানীয় একজন এমপি উপস্থিত হওয়ার আগে অনুষ্ঠান শুরু করাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী বক্তব্য দিতে গিয়ে মেজাজ হারান।

বৃহস্পতিবার (৭ মে) সকালে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২তম আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

এই কেন্দ্রের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

জানা গেছে, উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল উপস্থিত হওয়ার আগেই অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হলে বিষয়টি নিয়ে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং একপর্যায়ে হট্টগোল শুরু হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে মেজাজ হারান শামা ওবায়েদ।

ক্ষোভ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, এখানে রাজনীতি করতে আসি নাই। জনগণের

প্রতিনিধিরা যদি এমন আচরণ করে তাহলে জনগণ কী শিখবে? এখানে সরকারের একজন প্রতিনিধি হিসেবে এসেছি, সুতরাং এ ধরনের আচরণ দুঃখজনক।

তিনি বলেন, আমরা যদি মন পরিষ্কার করে একসঙ্গে কাজ না করি তাহলে আপনারা বলে দেন, আমার জেলা ফরিদপুরে আর আসব না। এই রাজনীতি গত ২০-২২ বছর যাবত দেখে আসছি। ৪০ বছরের এই নোংরা রাজনীতি বন্ধ করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে। বিশেষ করে স্নাতক পর্যায় পর্যন্ত নারীদের শিক্ষাকে অবৈতনিক করা হয়েছে, যা নারী শিক্ষার প্রসারে একটি সুবর্ণ সুযোগ। দেশের অর্ধেক নারী সমাজকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে পারলে দেশ অনেক এগিয়ে যাবে।

বিশেষ অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, সরকার নারীদের জন্য বিশেষভাবে কাজ করছে। নারীদের স্নাতক পর্যন্ত অবৈতনিক করেছে। বর্তমান সরকার প্রতিটি মানুষের এবং জান-মালের উন্নয়নে বিশ্বাসী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, জেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ