অনেক সাংস্কৃতিক কর্মী স্বৈরাচারীদের জন্য মায়া কান্না করছে: সেলিমা রহমান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫ ১:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫ ৩:৪০ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
অনেক সাংস্কৃতিক কর্মী ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারীদের জন্য মায়া কান্না করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সেলিমা রহমান।
তিনি বলেন, “আপনারা দেখেন নাই বা জানেন না! এই স্বৈরাচার আওয়ামী লীগ আমার ছাত্র ভাই, দেশের জনগণকে হত্যা করেছে। আমার দলের নেতাকর্মীদের আয়না ঘরে বন্দি করে নির্যাতন করেছে। তাদের জন্য আবার মায়া কান্না কেন?”
মঙ্গলবার (২৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত ‘কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে মানববন্ধন’ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
সেলিমা রহমান বলেন, “যারা আওয়ামী লীগের জন্য মায়া কান্না করছেন, আপনারা কিসের শিল্পী? আপনারা সম্পদ গড়ার জন্য সেইদিন কাজ করেছেন, অকল্পনীয় সব চিত্র তুলে ধরেছেন। কিন্তু সমাজের সত্য কথা, সুন্দর প্রতিচ্ছবি কিংবা গণতান্ত্রিক অভিযাত্রা—কোনোটাই আপনাদের শিল্পচর্চায় আসেনি।”
তিনি আরও বলেন, “৫ আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র, যুবক, শ্রমিক, নারী-পুরুষ, শিশু সবাই রাজপথে নেমেছিল। সেদিন শিশুদের হত্যা করা হয়েছে, ছাত্র ভাইদের খুন করা হয়েছে। সেই দায় স্বৈর সরকারের। গণঅভ্যুত্থানের ফলে তারা পালাতে বাধ্য হয়েছে। অথচ আপনারা এখনো ষড়যন্ত্র করছেন।”
সাবেক মন্ত্রী বলেন, “এই বাংলাদেশ স্বাধীন হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মাধ্যমে। তিনি মুক্তিযুদ্ধে রণাঙ্গনে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। বেগম খালেদা জিয়া ওই স্বৈর সরকারের কবলে পড়ে ১৮ বছর মিথ্যা মামলায় ধুঁকে ধুঁকে মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন, কিন্তু আপোষ করেননি। আজ তিনি অসুস্থ হলেও গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন।”
তিনি আরও যোগ করেন, “আজ আমাদের সামনে আছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জনগণকে ঐক্যবদ্ধ করে আন্দোলন সফল করেছেন। পতিত সরকার পালিয়ে গেছে, দানবীয় সরকার পতিত হয়েছে।”
শিল্পীদের উদ্দেশ্যে সেলিমা রহমান বলেন, “আপনারা শিল্পচর্চার মাধ্যমে এদেশের মানুষের জীবন, ছবি, কথা বলার অধিকার তুলে ধরুন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী শিল্পী সমাজ সব সময় সোচ্চার থাকবে—গণতন্ত্র ও জনগণের অধিকারের জন্য।”
কর্মসূচিতে ঘোষণা দিয়ে জাসাসের যুগ্ম আহ্বায়ক গীতিকার ইথুন বাবু বলেন, “২১ দিনের মধ্যে শিল্পকলা থেকে সচিবালয় পর্যন্ত সব ফ্যাসিস্টদের মুক্ত না করলে কঠোর আন্দোলনে যাব।”
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক কর্মী শিবা শানুসহ অভিনয় শিল্পী, নাট্যশিল্পী ও চলচ্চিত্র শিল্পীরা।
জনতার আওয়াজ/আ আ