অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, শাশুড়ি ও সৎ ছেলে আটক - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, শাশুড়ি ও সৎ ছেলে আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ২৯, ২০২৫ ৮:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ২৯, ২০২৫ ৮:০৯ অপরাহ্ণ

 

পাবনা প্রতিনিধি

ছবি প্রতিনিধি

পাবনার চাটমোহরে পারিবারিক কলহের জেরে নয় মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে শাশুড়ি ও সৎ ছেলের বিরুদ্ধে। শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার আটলঙ্কা বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ শাপলা খাতুন (৩০) ওই গ্রামের সৌদি প্রবাসী মনজিল হোসেনের স্ত্রী। তিনি নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আটক দুইজন হলেন শাপলার শাশুড়ি মনোয়ারা খাতুন (৬৫) ও সৎ ছেলে শিপন হোসেন (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে কুযাবাসী গ্রামের সাইদুল ইসলামের মেয়ে শাপলাকে বিয়ে করেন মনজিল হোসেন। এর আগে মনজিলের আরও তিন স্ত্রী ছিল। বিয়ের পর থেকে সৎ ছেলে শিপন শাপলাকে মেনে নিতে পারেনি। এ নিয়ে প্রায়ই পারিবারিক কলহ হতো। তিন মাস আগে শিপন ও তার দাদি মনোয়ারা শাপলাকে বাড়ি থেকে বের করে দেয়। পরে স্থানীয়রা তাকে আবারো স্বামীর বাড়িতে তুলে দেন। তখন থেকেই শিপন শাপলাকে হত্যার হুমকি দিয়ে আসছিল।

শুক্রবার সকালে স্থানীয়রা শাপলার মরদেহ ঘরের ভেতর দেখতে পান। তার গলায় আঘাতের চিহ্ন ছিল। অভিযোগ উঠেছে, শ্বাসরোধে হত্যার পর তাকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে বলে প্রচার চালায় শিপন ও মনোয়ারা। পালানোর সময় এলাকাবাসী তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

নিহতের বড়মা নাজমা খাতুন বলেন, “শাপলা নয় মাসের অন্তঃসত্ত্বা ছিল। কয়েকদিন আগে ডাক্তার আলট্রাসনোগ্রামে জানিয়েছিলেন আর ৮-১০ দিন পর ডেলিভারি হবে। কিন্তু তার আগেই ওরা মেয়েটাকে মেরে ফেলল। আমরা কঠিন বিচার চাই।”

চাটমোহর থানার ওসি মনজুরুল আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটক দুইজনকে থানায় রাখা হয়েছে। মামলা দায়েরের পর তাদের গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে সোপর্দ করা হবে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ