অন্তঃসত্ত্বা স্ত্রীর জন্য বাড়ি যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অন্তঃসত্ত্বা স্ত্রীর জন্য বাড়ি যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫ ৭:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫ ৭:৩৪ অপরাহ্ণ

 

অন্তঃসত্ত্বা স্ত্রীর অস্ত্রপচারের জন্য ছুটি নিয়ে বাড়িতে যাওয়ার পথে গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টায় উপজেলার মৌচাক এলাকায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্যের নাম রনি শিকদার (২৬)। তিনি টাঙ্গাইল সদর উপজেলার শাজাহানগঞ্জ ছোনাটি এলাকার জামাল শিকদারের ছেলে। তিনি গাজীপুর মহানগর পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, পুলিশ কনস্টেবল রনি গাজীপুর মহানগর পুলিশের সদর সার্কেলের সহকারী উপকমিশনার দ্বীন এ আলমের দেহরক্ষী হিসেবে কাজ করতেন। আগামীকাল বুধবার রনির অন্তঃসত্ত্বা স্ত্রীর অস্ত্রোপচার করার কথা। এ জন্য ছুটি নিয়ে টাঙ্গাইলে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি। আজ সকালে মোটরসাইকেলে বাড়িতে যাওয়ার পথে কালিয়াকৈরের মৌচাক এলাকায় পৌঁছালে ব্যাটারিচালিত একটি অটোরিকশা উল্টো পথে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান ওই পুলিশ সদস্য। খবর পেয়ে তাঁর লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় হাইওয়ে পুলিশ।

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইছ উদ্দিন বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে তাঁর পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সহকারী উপকমিশনার দ্বীন এ আলম বলেন, ‘তিনি আমার ব্যক্তিগত দেহরক্ষী ছিলেন। অন্তঃসত্ত্বা স্ত্রীর ডেলিভারি হওয়ার খবর পেয়ে ছুটি নিয়ে বাড়িতে রওনা দিয়েছিলেন। যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ