অন্তর্জাল’ নিয়ে যে বার্তা দিলেন মিম
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মে ১৩, ২০২৩ ৭:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মে ১৩, ২০২৩ ৭:১০ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক
ঢালিউডের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। গেল বছরের ব্যবসা সফল ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার পর এবার এ নায়িকা নিয়ে আসছেন তার নতুন সিনেমা ‘অন্তর্জাল’। ঈদে মুক্তিপ্রতিক্ষীত ছবিটির পোস্টার প্রকাশ পেয়েছে সামাজিক মাধ্যমে।
আজ (১৩ মে) ‘অন্তর্জাল’-এর অফিসিয়াল ফেসবুকে ছবিটির পোস্টার প্রকাশ করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, “ইন্টারনেটের দুনিয়া রহস্যময়, যেখানে অসাবধানতা মানেই বিপদ। সেই বিপদের কারণ কি? মানুষ নাকি অন্যকিছু? আমাদের মানবজাতির ভবিষ্যৎ কী? সেই সব রহস্যের জাল আর চাল নিয়ে ঈদুল আজহায় আসছে বাংলাদেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার ‘অন্তর্জাল’। রহস্যের উদঘাটনে আপনিও যোগ দিন।”
মিম নিজেও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন পোস্টারটি। এর আগে এক অনুষ্ঠানে ছবিটি নিয়ে মিম বলেছিলেন, ‘এমন গল্পের সিনেমা এর আগে কখনও হয়নি। আমি যখন চরিত্রটি পাই তখন ভাবছিলাম কীভাবে চরিত্রটি ফুটিয়ে তুলতে পারব! এই ছবিতে এক অন্য মিমকে পাবেন সবাই।’
সিনেমায় নিজের নায়ক প্রসঙ্গে মিম আরও বলেছিলেন, “আমার নায়ক ‘অন্তর্জাল’। ছবির গল্পই আমার নায়ক।”
আইসিটি বিভাগের উদ্যোগে বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’। সিনেমাটি পরিচালনা করেছেন দীপংকর দীপন। এতে মিমকে দেখা যাবে একজন সাইবার যোদ্ধার চরিত্রে।
চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। এর গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। সংলাপ লিখেছেন সাইফুল্লাহ রিয়াদ। চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। মিম ছাড়া আরও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ