অন্যরা পেলেও বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, এপ্রিল ৩০, ২০২৩ ১১:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, এপ্রিল ৩০, ২০২৩ ১১:২৬ অপরাহ্ণ

অন্যরা চিকিৎসা সুবিধা পেলেও বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে বলে মন্তব্য করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে অনেকেই বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার সুযোগ পেলেও বেগম জিয়াকে তা থেকে বঞ্চিত করা হচ্ছে।
রোববার, এপ্রিল ৩০, ২০২৩, দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাম গণতান্ত্রিক ঐক্যের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে নিম্ন পর্যায়ের লোকেরাও বিদেশে গিয়ে চিকিৎসা নিচ্ছে, কিন্তু বেগম খালেদা জিয়াকে সেখান থেকে বঞ্চিত করা হচ্ছে। ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেওয়া হচ্ছে না। পরিবারের পক্ষ থেকে বারবার আবেদনের পরও যেতে দেওয়া হচ্ছে না।’
আমীর খসরু বলেন, চিকিৎসকেরা বারবার খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার কথা বললেও সরকার তা গ্রাহ্য করছে না। যার কারণে খালেদা জিয়াকে দেশের চিকিৎসার মধ্যে সীমিত থাকতে হচ্ছে। এসবের উদ্দেশ্য একটাই, খালেদা জিয়াকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বাইরে রেখে অবৈধভাবে ক্ষমতা দখলের যে প্রক্রিয়া, সেটা যেন তারা সফলভাবে করতে পারে। তারা ভীত-শঙ্কিত, কারণ দেশের ‘সবচেয়ে জনপ্রিয়’ নেত্রী খালেদা জিয়া। এই কারণে ওনাকে রাজনীতিতে সম্পৃক্ত হতে দেওয়া হচ্ছে না।
জনতার আওয়াজ/আ আ