অপমানিত বোধ’ করায় নির্বাচনের পর পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি : রয়টার্সকে সাক্ষাৎকার - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৩৪, শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অপমানিত বোধ’ করায় নির্বাচনের পর পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি : রয়টার্সকে সাক্ষাৎকার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫ ১২:৪২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫ ১২:৪২ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের কাছে ‘অপমানিত’ বোধ করায় আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পরই পদত্যাগের পরিকল্পনা করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্সে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এই ইচ্ছা প্রকাশ করেছেন।

৭৫ বছর বয়সী সাহাবুদ্দিন গত বছর আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। আগস্টে ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনা দেশত্যাগ করলে এবং সংসদ বিলুপ্ত হলে তিনি সাংবিধানিকভাবে একমাত্র কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখেন। সাধারণত রাষ্ট্রপতির ভূমিকা আনুষ্ঠানিক থাকলেও তিনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক।

ঢাকায় সরকারি বাসভবন থেকে দেওয়া হোয়াটসঅ্যাপ সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, আমি যেতে আগ্রহী। নির্বাচন হওয়ার আগ পর্যন্ত আমার থাকা উচিত। আমি সাংবিধানিক দায়িত্বই পালন করছি।

তিনি অভিযোগ করেন, প্রায় সাত মাস ধরে ড. ইউনূস তার সঙ্গে দেখা করেননি, তার প্রেস বিভাগটি সরিয়ে নেওয়া হয়েছে এবং গত সেপ্টেম্বরে বিশ্বব্যাপী বাংলাদেশি দূতাবাসগুলো থেকে রাষ্ট্রপতির প্রতিকৃতি সরিয়ে ফেলা হয়েছে। রাতারাতি প্রতিকৃতি সরানো জনগণের কাছে ভুল বার্তা দেয়— যেন রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমি খুব অপমানিত বোধ করেছি, বলেন তিনি। এ বিষয়ে চিঠি লিখলেও কোনও পদক্ষেপ হয়নি বলে জানান।

রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে মন্তব্য চাইলে ড. ইউনূসের প্রেস সচিবরা তাৎক্ষণিক সাড়া দেননি।

রাষ্ট্রপতি আরও জানান, তিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। আগস্টে বিক্ষোভের শেষ দিকে সেনাবাহিনীর নিষ্ক্রিয়তা শেখ হাসিনার রাজনৈতিক পরিণতি নির্ধারণে ভূমিকা রেখেছিল। তবে সেনাপ্রধান তাকে জানিয়েছেন, ক্ষমতা দখলের কোনও ইচ্ছা তার নেই এবং তিনি গণতন্ত্র ফিরিয়ে আনতেই কাজ করছেন।

তিনি আরও বলেন, কিছু ছাত্র প্রথমদিকে তার পদত্যাগ দাবি করলেও সাম্প্রতিক সময়ে কোনও রাজনৈতিক দল তার পদত্যাগ দাবি করেনি। জরিপ অনুযায়ী, আগামী সরকার গঠনে বিএনপি ও জামায়াত ইসলামী এগিয়ে রয়েছে।

শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তর দিতে অস্বীকৃতি জানান। তার ভাষায়, রাষ্ট্রপতি হওয়ার পর থেকে আমি স্বাধীন, কোনও রাজনৈতিক দলের সঙ্গে আমার আর সংশ্লিষ্টতা নেই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ