অবরোধে খুলনা মহানগর যুগ্ম আহবায়ক কাজী মাহমুদসহ ১২ নেতাকর্মী আটক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, নভেম্বর ২, ২০২৩ ৪:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, নভেম্বর ২, ২০২৩ ৪:২৬ অপরাহ্ণ

ফকির শহিদুল ইসলাম,খুলনাঃ
বিএনপির ডাকা টানা তিনদিনের অবরোধ চলাকালে খুলনায় মঙ্গলবার রাতে ও বুধবার দিনভর অভিযান চালিয়ে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মাহমুদ আলী, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি, দাকোপ উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল মান্নানসহ ১২ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১ নভেম্বর) বিকেলে তাদেরকে নাশকতার বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এদিকে নাশকতার অভিযোগে খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ বিএনপির ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে নগরীর সোনাডাঙ্গা থানার এস আই নিয়াজ মোরশেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় নগর ও জেলার শীর্ষ নেতা ছাড়াও মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম জহির, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফিসহ ৩৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ২০০ জনকে আসামি করা হয়েছে।
নগরীর সোনাডাঙ্গা থানার ওসি মমতাজুল হক জানান, সরকারি স্থাপনায় হামলাসহ নাশকতার পরিকল্পনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এদিকে অবরোধ চলাকালে গত মঙ্গলবার খুলনা সদর ও সোনাডাঙ্গা বিএনপির পৃথক দুটি ঝটিকা মিছিলে হানা দিয়ে ৩ জনকে আটক করেছিল পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালানো হয় অসংখ্য নেতাকর্মীর বাড়িতে। এরপর বুধবার বিএনপি নেতাকর্মীরা আর পিকেটিং কিংবা মিছিল করেনি। জামায়াতের ২৫/৩০ জন নেতাকর্মী বুধবার ভোরে নগরীর খালিশপুরে রেল লাইনের উপর ব্যানার নিয়ে ৩/৪ মিনিট স্লোগান দিয়ে মিছিল করেন। ২/৩ জন কর্মী ভিডিও ধারণ ও ছবি তোলে। এরপর দ্রুত সেখান থেকে চলে যান তারা। এরপর প্রেস বিজ্ঞপ্তি দিয়ে রেলপথ অবরোধ করার দাবি করেন তারা। মূলত ফটোসেশনেই সীমাবদ্ধ ছিল তাদের কার্যক্রম।
খুলনায় অবরোধে বন্ধ ছিল দূরপাল্লার বাস। জেলার অভ্যন্তরীণ রুটগুলোতে বাস চললেও যাত্রী ছিল কম। ব্যক্তিগত গাড়ি, রিকশা, ইজিবাইক, সিএনজিসহ ছোট ছোট যানবাহন চলাচল করেছে। ট্রেন এবং নৌযান চলাচল ছিল স্বাভাবিক। খোলা ছিল দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে মোতায়েন করা হয় পুলিশ। টহল দেয় র্যাব।
জনতার আওয়াজ/আ আ