অবিলম্বে এ নির্বাচনী তামাশা বন্ধ করুন : শামসুর রহমান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, ডিসেম্বর ২৯, ২০২৩ ৬:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, ডিসেম্বর ২৯, ২০২৩ ৬:৪২ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শামসুর রহমান বলেছেন, ‘জনগণ ও বিরোধী রাজনৈতিক দলগুলো এই প্রহসন ও পাতানো নির্বাচন বর্জন করেছে। জনগণ এবার আর ভোট কেন্দ্রে যাবে না।’
তিনি বলেছেন, ‘আমরা সরকারকে বলতে চাই, অবিলম্বে এ নির্বাচনী তামাশা বন্ধ করুন। একতরফা প্রহসনের নির্বাচন এদেশের মানুষ আর মেনে নেবে না, এই নির্বাচনকে জনগণ প্রতিহত করবে, ইনশাআল্লাহ।’
শুক্রবার রাজধানীর সবুজবাগ থানার বিভিন্ন স্থানে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন।
শামসুর রহমান বলেন, ‘মূলত এই সরকার ক্ষমতাকে কুক্ষিগত রাখতে একটি নির্বাচন করতে চায়। সরকার ৭ জানুয়ারি যে নির্বাচনী খেলা ও প্রহসনের নাটক তৈরি করেছে, সচেতন নাগরিক হিসেবে ওই নির্বাচন বর্জন ও ভোট দান থেকে বিরত থেকে সরকারের ভোটাধিকার হরণের ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার জন্য আমরা ঢাকাবাসীকে আহ্বান জানাচ্ছি। আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঢাকা মহানগরীসহ দেশবাসীকে আগামী ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচনকে প্রতিহত করার আহ্বান জানাচ্ছি। একই সাথে সরকারের পতন নিশ্চিত ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার চলমান গণআন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।’
এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য আবু নাবিল, মাওলানা আবু মাহি, জামায়াত নেতা ফায়জুর রহমান, মোহাম্মদ মাসুদ, মনিরুজ্জামান, ফায়জুর রহমান, ছাত্রনেতা হাসিব আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
এছাড়াও কেন্দ্র ঘোষিত কর্মসূচির তৃতীয় দিনে নির্বাচন বর্জন ও ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন থানায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করে জামায়াতে নেতাকর্মীরা।
যাত্রাবাড়ী এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ
নির্বাচন বর্জন ও ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসেন। যাত্রাবাড়ী থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত এই লিফলেট বিতরণে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য আহমাদ রাসেলসহ স্থানীয় নেতারা।
খিলগাঁওয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ
ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালামের নেতৃত্বে এতে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য আব্দুর রহমান সাজু, আসিফ আদনান, আবু উমায়ের, আবু মুয়াজ, জামায়াত নেতা অ্যাডভোকেট ফারুক হোসেন, মোহাম্মদ সাইফুল্লাহ, হেলাল উদ্দিন, আমিনুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
ডেমরায় গণসংযোগ ও লিফলেট বিতরণ
নির্বাচন বর্জন ও ভোট দান হতে বিরত থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ডেমরার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে কেন্দ্র ঘোষিত গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য এবং ডেমরা পুর্ব থানা সেক্রেটারি আবু মুসাইবের নেতৃত্বে গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন থানা মজলিসে শূরা সদস্য মঈনুদ্দিন আহমদ, কামারুজ্জামান, আইয়ুব আলি, আ. মোমেনসহ বিভিন্ন নেতারা।
মতিঝিলে গণসংযোগ ও লিফলেট বিতরণ
জামায়াতে ইসলামী মতিঝিল পূর্ব থানার গোপীবাগ ও কমলাপুর এলাকায় কেন্দ্র ঘোষিত গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য নুর উদ্দিনের নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন খলিলুর রহমানসহ অন্য নেতারা।
কোনাপাড়ায় গণসংযোগ ও লিফলেট বিতরণ
ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য আবু ছাঈমে নেতৃত্বে কোনাপাড়ায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য ঈমাম হোসেন মিরাজ, মাওলানা ওমর ফারুক, খন্দকার সামদানী, ইমামুল হক, ফেরদৌস হোসেন প্রমুখ নেতারা।
মুগদায় গণসংযোগ ও লিফলেট বিতরণ
নির্বাচন বর্জন ও ভোট দান হতে বিরত থাকার আহ্বান জানিয়ে রাজধানীর মুগদা থানার বিভিন্ন স্পটে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য মোহাম্মদ ইসাহাকের নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা মনির আহমেদ, কেফায়েত উল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
এছাড়াও এদিন কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে একই দাবিতে কামরাঙ্গিরচর, পল্টন, মতিঝিল, খিলগাঁও, যাত্রাবাড়ি, চকবাজার, সবুজবাগ, রমনা, ধানমন্ডি, কোতোয়ালি, মুগদা, নিউমার্কেট, কলাবাগান, হাজারীবাগ, কদমতলী, শ্যামপুর, সূত্রাপুর, গেন্ডারিয়া, ডেমরা, শাহজাহানপুরসহ রাজধানীর ৬৮টি সাংগঠনিক থানায় গণসংযোগ ও কয়েক লাখ কপি লিফলেট বিতরণ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি
জনতার আওয়াজ/আ আ