অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার দাবি মির্জা ফখরুলের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, সেপ্টেম্বর ১৮, ২০২২ ১:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, সেপ্টেম্বর ১৮, ২০২২ ১:৪৫ অপরাহ্ণ

ঢাকার বনানীতে দলের মোমবাতি প্রজ্বালন কর্মসূচি এবং ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বনানীর কর্মসূচিতে হামলায় আহতদের দেখতে যান মির্জা ফখরুল। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ দাবি জানান।
মির্জা ফখরুল বলেন, আজকে আমাদের ঢাকা মহানগরের অত্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। মোমবাতি প্রজ্বালন করে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া। শান্তিপূর্ণভাবে ঢাকা দক্ষিণে কর্মসূচি হয়েছে। ঢাকা উত্তরে শান্তিপূর্ণ কর্মসূচি চলছিল, শেষের দিকে হঠাৎ করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এসে হামলা করে।
এতে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বেগম সেলিমা রহমান, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ আহত হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আমাদের মেয়রপ্রার্থী তাবিথসহ ৬ থেকে ৭ জন ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাবিথ আউয়ালের মাথা আঘাতপ্রাপ্ত হয়েছে। অন্যান্যরা গুরুতরও আহত হওয়ায় তাদের চিকিৎসা চলছে বলে জানান তিনি।
বিএনপি মহাসচিব বলেন, নোয়াখালীর বেগমগঞ্জে আমাদের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর উপর আক্রমণ হয়েছে, তিনিও সেখানে রক্তাক্ত হয়েছেন তাকে কুমিল্লা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আওয়ামী লীগ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশের সাংবিধানিক নিয়মের শান্তিপূর্ণ আন্দোলনকে নস্যাৎ করার জন্য তাদের সন্ত্রাসী বাহিনীকে লেলিয়ে দিয়েছে।
তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে শান্তি রক্ষারকারী বাহিনী নিরব দর্শকের ভূমিকা পালন করছে। এই পরিস্থিতিতে এখানে কোনোভাবেই গণতন্ত্রের পরিবেশ নেই, এখানে তারা যে নির্বাচনের কথা বলে এটা প্রহসন ছাড়া কিছু না। আমরা পরিষ্কারভাবে বলছি আমরা শান্তিপূর্ণভাবে মানুষের দাবি নিয়ে আন্দোলন করছি।
বিএনপি মহাসচিব আরও বলেন, আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারের জন্য আন্দোলন করছি। আমরা একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলন করছি। সেই আন্দোলনকে নস্যাৎ করার জন্য ভয়াবহ সন্ত্রাসী আওয়ামী লীগ গোটা দেশে রাজত্ব কায়েম করছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।
জনতার আওয়াজ/আ আ