অমিত-মুন্নী-শ্রাবণ নির্ভার, পাশে মনোনয়নবঞ্চিত নেতারা - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০০, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অমিত-মুন্নী-শ্রাবণ নির্ভার, পাশে মনোনয়নবঞ্চিত নেতারা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫ ১১:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫ ১১:২৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোরের ৬টি আসনের পাঁচটিতে একক প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। যশোর-৫ আসনটি এখনও ফাঁকা রেখেছে বিএনপি। মনোনয়ন ঘোষিত ৫ টি আসনের মধ্যে অন্তত ৩টি নির্ভার ধানের শীষের প্রার্থীরা। মনোননয়নবঞ্চিতরা ইতোমধ্যে তাদের পক্ষে মাঠে নেমে গেছে। প্রতিদ্বন্দ্বীদের পাশে পেয়ে চাঙা ধানের শীষের প্রার্থীরা।

যশোর-৩ (সদর) আসনের মনোনয়ন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেকমন্ত্রী তরিকুল ইসলামের ছেলে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি একমাত্র মনোনয়নপ্রত্যাশী থাকায় এই আসনে কোন্দল নেই। অমিতকে ঘিরে দলের সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। অমিতের ব্যক্তিগত ইমেজের পাশাপাশি দেশের রাজনীতিতে তার বাবার অবদান তাকে এগিয়ে রেখেছে। অমিত যশোর খুলনা অঞ্চলের বিএনপিকে ঐক্যবদ্ধ রাখতে কাজ করে যাচ্ছেন।

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাবিরা সুলতানা মুন্নী। মনোনয়ন পাওয়ার পর পুরোদমে নির্বাচনি প্রচারণায় নেমে পড়েছেন তিনি। তার সঙ্গে একই মঞ্চে দলীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন মনোনয়ন বঞ্চিত অন্য নেতারাও। এ আসনে মনোনয়ন প্রত্যাশী যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম ও সাবিরা সুলতানা মুন্নীকে একই মঞ্চে কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা গেছে। জহুরুল ইসলাম বলেন, দল একজনকে প্রাথমিক মনোনয়ন দিয়েছে। আমরা সবাই ধানের শীষের পক্ষে ভোটের মাঠে কাজ করছি। কেন্দ্রীয় কর্মসূচিতে সবাই একসঙ্গে সফল করছি। পাশাপাশি যার যার মত গণসংযোগ করছি। প্রাথমিক মনোনয়ন না পেলেও মাঠে ছেড়ে যাইনি।যশোর-৬ (কেশবপুর) আসনে মনোনয়ন পেয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণ। তিনি আওয়ামী পরিবারের সন্তান। তবে পরিবার আওয়ামী লীগ করায় তিনি পরিবার ত্যাগ করেন।এ কারণে তার প্রতি কেশবপুরের মানুষের সহানুভূতি রয়েছে। প্রায় একযুগ পরে এলাকায় ফিরে তিনি গণসংযোগ শুরু করেছেন। এই আসনের দুজন শক্তিশালী প্রার্থী বিএনপির কেন্দ্রীয় সহধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবুল হোসেন আজাদ মনোনয়ন না পাওয়ায় অনুসারীরা হতাশ। তাদের মনে কষ্ট থাকলেও দল মনোনীত প্রার্থীর সঙ্গেই দলীয় ও জাতীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন অমলেন্দু দাস অপু ও আবুল হোসেন আজাদ।

যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি। তিনি ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। মনোনয়ন না পাওয়ায় হতাশ শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাবেক সভাপতি খায়রুজ্জামান মধু, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনের অনুসারীরা। চূড়ান্ত মনোনয়নের অপেক্ষায় দলের একাংশের নেতাকর্মীরা এখনো মাঠে নামেননি। তবে তারা শেষ পর্যন্ত ধানের শীষের পক্ষেই মাঠে থাকবেন। আবুল হাসান জহির বলেন, মফিকুল হাসান তৃপ্তিকে দল প্রাথমিক মনোনয়ন দিয়েছেন। তার মনোনয়নের দলের তৃণমূলের নেতাকর্মীরা খুশি নয়। এজন্য তৃণমূলের নেতাকর্মীদের এখনো স্বতঃস্ফূর্তভাবে ভোটের মাঠে নামানো সম্ভব হয়নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ