অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো নিয়ে ইরাকের দূতের সঙ্গে আলোচনা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মে ১০, ২০২৬ ১১:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মে ১০, ২০২৬ ১১:২২ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি : সংগৃহীত
ঢাকায় নিযুক্ত ইরাকের চার্জ দ্য অ্যাফেয়ার্স উইসাম হুসেন আলী আল ইথাউই পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রবিবার (১০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও ইরাকের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে জনশক্তি রপ্তানি, বাণিজ্য সম্প্রসারণ এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যুকে গুরুত্ব দিয়ে মতবিনিময় করেন উভয় পক্ষের প্রতিনিধিরা।
আলোচনায় প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যে এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে।
তিনি ইরাকে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের প্রতি আতিথেয়তা ও সহযোগিতার জন্য ইরাক সরকারের প্রশংসা করেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে ইরাক সরকারের ভূমিকারও প্রশংসা জানান।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে ওষুধ, চামড়াজাত পণ্য, তৈরি পোশাক, সিরামিক এবং কৃষিপণ্য খাতে সহযোগিতা বাড়ানোর বিভিন্ন সম্ভাবনা ও উপায় নিয়ে আলোচনা করেন তারা।
এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি আন্তর্জাতিক ও বহুপাক্ষিক ফোরামগুলোতেও বাংলাদেশ ও ইরাক পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখবে বলে উভয় পক্ষ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
জনতার আওয়াজ/আ আ