অর্থ পাচার নিয়ে দ্বিচারিতায় ফখরুল: কাদের - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৯, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অর্থ পাচার নিয়ে দ্বিচারিতায় ফখরুল: কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ১১, ২০২২ ১:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ১১, ২০২২ ২:০০ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কঠোর সমালোচনা করে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুলসহ দেশের একটি চিহ্নিত মহল ক্রমাগতভাবে বাংলাদেশ থেকে বিদেশে অর্থ পাচার করছে বলে এমনতর অভিযোগ করতেন। তাদের বক্তব্য যদি সত্য হিসেবে ধরে নেই, তাহলে ৭% করদানের মাধ্যমে যদি কেউ টাকা দেশে নিয়ে আসে তাহলে তো মির্জা সাহেবদের খুশি হওয়ার কথা।

তিনি বলেন, কিন্তু এখন তারা কেন অভিযোগ করছেন? অর্থপাচারের অভিযোগ তুলবেন, আর যখন আপনার কথা অনুযায়ী সে টাকা ফেরত আসে তখনও অভিযোগ করবেন সেটা তো আপনাদের দ্বিচারিতা (Double standard)।

শনিবার ( ১১ জুন) ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ২০২২-২৩ অর্থবছরের বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমাকে বলতে হয় মির্জা ফখরুল সাহেব আপনি কী ভুলে গেছেন, আপনার নেত্রী বেগম খালেদা জিয়া অনৈতিকভাবে দুই দফায় দেশের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় অনৈতিক ও অবৈধভাবে অর্জিত প্রায় দেড় কোটি কালো টাকা সাদা করেছিলেন এবং কর অফিসে জরিমানা হিসেবে ৩৪ লক্ষ টাকা জরিমানা দিয়েছিলেন। বাংলাদেশের মানুষ জানে, কারা দেশের টাকা বিদেশে পাচার করে। বেগম খালেদা জিয়ার দুই পুত্র দুর্নীতির টাকা সিংগাপুর ও আমেরিকায় পাচার করেছে। পরবর্তীতে সরকার যথাযথ আইনী প্রক্রিয়া অনুসরণ করে আংশিক টাকা দেশে ফেরত আনতে পেরেছে।

বাজেট দারিদ্রের হার সম্পর্কিত বিষয়ে সেতুমন্ত্রী বলেন, একমাত্র বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে ক্লান্তিহীনভাবে দারিদ্র বিমোচনের জন্য কাজ করে যাচ্ছেন। যার কারণে দারিদ্র বিমোচনের লক্ষ্যে বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করে চলেছেন। করোনা মহামারির কারণে এ কর্মসূচি কিছুটা হোঁচট খেলেও ২০২২ সালে প্রকাশিত বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট এর এক শীর্ষক প্রতিবেদনে ২০২০-২১ অর্থবছরে দারিদ্রের হার ১১.৯ শতাংশে উন্নীত হয়। যা করোনার পূর্বে ১০.৫ শতাংশে নেমে এসেছিল। প্রস্তাবিত বাজেটে দারিদ্র বিমোচন ও সামাজিক সুরক্ষা কর্মসূচির উপর অধিকতর গুরুত্ব দেয়া হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ