অসাধু ব্যবসায়ীদের কালো তালিকাভুক্ত করতে নির্দেশ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মে ২০, ২০২৩ ১১:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মে ২০, ২০২৩ ১১:৫০ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
অসাধু ব্যবসায়ীদের কালো তালিকাভুক্ত করার নির্দেশ দিয়ে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, যারা অসাধু ব্যবসায়ী আছে, তাদেরকে ব্যবসায়ী সংগঠনগুলোর তালিকা থেকে বাদ দিতে হবে। ব্যবসায়ী সংগঠনগুলোকে এসব বিষয়ে এগিয়ে আসতে হবে।
রাজধানীর বিএসটিআই কার্যালয়ে শনিবার (২০ মে) দুপুরে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, আমরা সবাইকে অসাধু বলতে চাই না। কিন্তু বাজারে অসাধু ব্যবসায়ীদের সংখ্যা কম নয়। পেঁয়াজ নিয়ে বাজারে অস্থিরতা তৈরি করা হয়েছে। দিনে দিনেই দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা বিষয়গুলো নজরে রাখছি। আমরা দেখছি যে, বাজারে ভেজাল পণ্যে সয়লাব হয়ে গেছে। এর প্রভাবে ক্যানসারসহ নানা জটিল রোগ শরীরে তৈরি হচ্ছে। এসব বিষয়ে ভোক্তা অধিদপ্তর ও বিএসটিআইকে কাজ করতে হবে।
তিনি বলেন, আমরা ব্যবসায়ী বান্ধব সরকার। ব্যবসায়ীদের ছাড়া সরকার এগিয়ে যেতে পারবে না। ব্যবসায়ী ছাড়া কোনো দেশ এগোতে পারবে না। আমরা চাই ব্যবসায়ীরা এগিয়ে আসুক। সর্বাত্মকভাবে আমাদেরকে সহযোগিতা করুক।
তিনি আরো বলেন, ব্যবসায়ীরা যাতে হয়রানির শিকার না হয় সেটি খেয়াল রাখতে হবে। সব বিষয়ে যেন তারা নির্বিঘ্নে কাজ করতে পারে, ভোক্তা অধিকারসহ ব্যবসায়ীরা যেন কোনো রকম বিব্রতকর অবস্থায় না পড়ে, ব্যবসায়ীরা যাতে কোনোভাবেই বিচলিত না হয়, সেটিও আপনাদের খেয়াল রাখতে হবে।
জনতার আওয়াজ/আ আ