আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির বৈঠক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, নভেম্বর ৯, ২০২৫ ২:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, নভেম্বর ৯, ২০২৫ ২:৩৬ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) প্রতিনিধিদলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রবিবার (৯ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে অংশগ্রহণ করেন আইএমএফের প্রতিনিধি দল, যার নেতৃত্ব দেন ক্রিস পাপাজর্জিউ, অ্যাডভাইজার টু দ্য বাংলাদেশ মিশন চিফ। অন্যদিকে বিএনপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য।
বিএনপি প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন — মো. ইসমাইল জবিউল্লাহ, সাবেক সচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা; ড. জিয়াউদ্দিন হায়দার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সিনিয়র কর্মকর্তা, বিশ্বব্যাংক; এবং শামা ওবায়েদ, বিএনপি’র সংগঠনিক সম্পাদক।
বৈঠকে আইএমএফের চলমান মিশনের পর্যালোচনামূলক প্রতিবেদনের প্রাথমিক ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার মূল বিষয়গুলো ছিল: মূল্য সংযোজন কর (VAT)-এর হরমোনাইজেশন এবং ছাড় (exception) হ্রাস বা বিলোপের নতুন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স (TA); কর্পোরেট কর বৃদ্ধি করে জিডিপি-টু-ট্যাক্স রেভিনিউ অনুপাত উন্নত করা; ব্যাংকিং খাতের সংস্কার; এবং সামাজিক খাতে ব্যয় বৃদ্ধি, যা বিএনপি’র নীতি অগ্রাধিকারের অংশ হিসেবে বৈঠকে বিশেষভাবে উপস্থাপিত হয়।
বিএনপি প্রতিনিধিদল জোর দিয়ে উল্লেখ করে যে, বাংলাদেশের টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে আর্থিক খাত, কর ব্যবস্থা এবং সামাজিক খাতের সংস্কার জরুরি। তারা বলেন, বিএনপি বিশ্বাস করে যে, একটি জবাবদিহিমূলক ও স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠা ছাড়া দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি সম্ভব নয়।
আইএমএফ প্রতিনিধি দল বিএনপি’র প্রস্তাবিত নীতি-অগ্রাধিকার এবং সংস্কারভিত্তিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করে। বৈঠকটি উভয় পক্ষের মধ্যে ভবিষ্যতে নীতিগত সংলাপ ও সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা জাগিয়ে তোলে।
জনতার আওয়াজ/আ আ