আইডিয়ালে নিষিদ্ধ ছাত্রীকে বিয়ে করা মুশতাক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, আগস্ট ২১, ২০২৩ ৪:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, আগস্ট ২১, ২০২৩ ৭:৩৭ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক
ছাত্রীর বাবার দায়ের করা ধর্ষণ মামলায় মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদকে গভর্নিং বডির সকল কর্মকাণ্ডে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
তবে এ মামলায় মুশতাক আহমেদের জামিন বহাল রেখেছেন চেম্বার আদালত। আদালত বলেছেন, মুশতাক গভর্নিং বডির কোনো কর্মকাণ্ড বা মিটিংয়ে অংশ নিতে পারবেন না। এবং স্কুলের সীমানায়ও যেতে পারবেন না।
আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম গতকাল রবিববার এ আদেশ দেন। আজ সোমবার (২১ আগস্ট) সহকারী অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ সাইফুল আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
গত ১৭ আগস্ট মুশতাক আহমেদকে বিয়ে করা আইডিয়ালের ছাত্রীকে নিরাপদ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে অভিযুক্ত মুশতাককে আগাম জামিন দেন আদালত।
বিচারপতি শেখ জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ সেদিন এ আদেশ দেন।
আদালত বলেন, আইডিয়ালের ছাত্রীর বয়স নিয়ে আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষ পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন। তাই ভিকটিমের বয়স নির্ধারণ করা জরুরি। বয়স নির্ধারণ না হওয়া পর্যন্ত ভিকটিম নারী ও সমাজসেবা অধিদপ্তরের অধীনে সেইফ হোমে থাকবে।
জনতার আওয়াজ/আ আ