আওয়ামী দোসরদের বাদ দিয়ে বিএনপির কমিটি করার দাবি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আওয়ামী দোসরদের বাদ দিয়ে বিএনপির কমিটি করার দাবি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ২৬, ২০২৫ ১১:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ২৬, ২০২৫ ১১:২৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
আওয়ামী দোসরদের বাদ দিয়ে রাজশাহী নগর, থানা ও ওয়ার্ড বিএনপির কমিটিগুলো পুনর্গঠনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন দলটির একাংশের নেতারা।

সোমবার বেলা ১১টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, রাজশাহীর ব্যানারে আয়োজিত এ কর্মসূচি থেকে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি জানানো হয়।

মানববন্ধনের ব্যানারে নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসার কয়েকটি ছবি ব্যবহার করা হয়। এসব ছবিতে বিভিন্ন অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে তাকে দেখা যায়। আরেকটি ব্যানারে নগর বিএনপির সদস্য সচিব মামুন-অর-রশিদের ছবি দিয়ে লেখা হয়- কারাগারে থাকা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার তার সঙ্গে মোবাইলে কথা বলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দিনের বেলায় বিএনপি, আর রাতের আঁধারে আওয়ামী লীগ-এমন নেতারা বিএনপির নেতৃত্ব দিতে পারেন না। নগর বিএনপি ছাড়া থানা ও ওয়ার্ড কমিটিতে রাখা হয়েছে আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিদের। বাদ পড়েছেন দলের প্রকৃত কর্মীরা।

তারা বলেন, যারা সাবেক মেয়র লিটনের ছত্রছায়ায় রাজনীতি করেছেন, তাদের দিয়ে বিএনপি পুনর্গঠন সম্ভব নয়। তারা অবিলম্বে বর্তমান কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান। সব কমিটি ভেঙে দিয়ে ত্যাগী নেতাদের কমিটিতে স্থান দেওয়ার আহ্বান জানান বিএনপির নেতারা। তা না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন- মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, মহানগর মহিলা দলের সভানেত্রী রওশন আরা পপি, মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, সাবেক সিনিয়র সহসভাপতি মাইনুল ইসলাম হারু, মহিলা দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, যুবদল নেতা রুহুল আমিন বাবলু প্রমুখ।

এ মানববন্ধনের বিষয়ে কথা বলতে নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসাকে ফোন করা হলে তার ছেলে ফোন ধরেন।

তিনি জানান, তার বাবা একটি মিটিংয়ে ব্যস্ত আছেন। এর আগে গত ৩ মে একই দাবিতে বিক্ষোভ-সমাবেশ হয়েছিল।

সেদিন ঈসা বলেছিলেন, তারা বিএনপির কে? তারা কখনো খোলা আকাশের নিচে কমিটি করেছে? কোনো দিনই করেনি। তারা কমিটি করত গোপনে। আমরা খোলা আকাশের নিচে স্বচ্ছ ব্যক্তিদের নিয়ে কমিটি করেছি। তাদের দাবি অনুযায়ী কমিটি বাতিলের কোনো প্রশ্নই ওঠে না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ