আওয়ামী ফ্যাসিস্টের দোসররা নগর ভবনে চাকরি করতে পারবে না: মশিউর রহমান - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আওয়ামী ফ্যাসিস্টের দোসররা নগর ভবনে চাকরি করতে পারবে না: মশিউর রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ১৯, ২০২৫ ৩:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ১৯, ২০২৫ ৩:৪৮ অপরাহ্ণ

 

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
আওয়ামী ফ্যাসিস্টের দোসররা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে চাকরি করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সচিবালয়ে আন্দোলনকারীদের প্রধান সমন্বয়ক ও সাবেক সচিব মশিউর রহমান।

বৃহস্পতিবার (১৯ জুন) নগর ভবনের চলমান আন্দোলনে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সাবেক সচিব মশিউর রহমান বলেন, গত ১৪ মে ঢাকাবাসীর পক্ষ থেকে ইশরাক হোসেনকে মেয়র শপথের জন্য সরকারের কাছে দাবি তুলে আন্দোলন করে যাচ্ছি। এই আন্দোলনে ঢাকাবাসী কোন ধরনের নাগরিক সুবিধা থেকে যেন বঞ্চিত না হন, সে ব্যাপারে ইশরাকের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। নাগরিক সুবিধার গতি আরো বৃদ্ধি করতে পর্যায়ক্রমে ইউনিয়ন, ইউনিয়নের ওয়ার্ড সচিব এবং প্রশাসনিক কর্মকর্তা, বর্জ্য বিভাগ, স্বাস্থ্য বিভাগ, মশক সুপারভাইজার, স্প্রে ম্যান সুপারভাইজার, ইপিআই সহকারী স্বাস্থ্য কর্মকর্তাসহ সিটি কর্পোরেশনের কর্মরত বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের সাথে আমরা মতবিনিময় করেছি।

প্রধান সমন্বয়ক অভিযোগ করে বলেন, আন্দোলনের মধ্যে নাগরিকদের জরুরী সেবা দিয়ে আসলেও তা বন্ধের চেষ্টা করছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। গত ১৭ জুন আসিফ মাহমুদ একজন উচ্চতর কর্মকর্তার মাধ্যমে নির্দেশ দিয়েছিলেন বর্জ্য পরিবহনকারী ট্রাকে জ্বালানি তেল সরবরাহ না করার জন্য। আমরা এটা টের পেয়ে বর্জ্য বিভাগকে আরো শক্তিশালী এবং গতিশীল করেছি।

স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ ভুইঁয়ার প্রতি আরো অভিযোগ তুলে মশিউর বলেন, গত পরশু (১৭ জুন) রাতে স্ক্যাভেঞ্জার্স ইউনিয়নের একজন ড্রাইভারকে নির্মমভাবে পরিবাগে কুপিয়ে জখম করা হয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এরা বর্তমান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার লোক। আমরা মামলা করেছি। পুলিশি তদন্তে আসিফ ভূঁইয়ার নাম আসলে তাকে গ্রেপ্তারের দাবি জানাব।

তিনি আরো বলেন, আমরা সরকারের সাথে মিলেমিশে কাজ করতে চাই। আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচন কিভাবে সুন্দর হয়, সুষ্ঠু হয়, অবাধ এবং নিরপেক্ষ হয়, আমরা সেভাবে কাজ করে যাচ্ছি। তবে কোনো শিশু উপদেষ্টার কথায় আমরা কর্ণপাত করব না। সরকার নগরবাসির ভোগান্তি সৃষ্টি করতে চাচ্ছে, আমরা সেই ভোগান্তি থেকে নগরবাসীকে পরিত্রাণ দিব। আগামী দিনে সকল যড়যন্ত্র মোকাবেলা করে ঢাকাবাসীকে নগর ভবনের সকল সুযোগ-সুবিধা দিবো।

ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিয়ে সরকারের একগুয়েমি আচরণ এবং সরকারের উপদেষ্টাদের আদালত অবমাননামূলক কর্মকান্ডের অভিযোগে নগর ভবনে টানা অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকাবাসী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ