আওয়ামী লীগ আর কখনো ক্ষমতায় আসতে পারবে না: সালাম
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জুন ২০, ২০২৩ ১:০০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জুন ২০, ২০২৩ ১:০০ পূর্বাহ্ণ

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বলেছেন, আওয়ামী লীগ এত বেশি অবিচার-অনাচার করেছে, যে কারণে তারা জনগণের ভোটে কখনো নির্বাচিত হতে পারবে না। তাই এরা ২০১৪ এবং ২০১৮ সালের মতো দিনের ভোট রাতে করে আবারও ক্ষমতায় আসতে চায়। আওয়ামী লীগ কখনোই অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারেনি।
সোমবার (১৯ জুন) বিকেলে রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে আয়োজিত সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণের পল্টন ও মতিঝিল থানা বিএনপি ও অঙ্গসংগঠন এ যৌথ সমন্বয় সভার আয়োজন করে।
সভায় সভাপতির বক্তব্যে আবদুস সালাম বলেন, গণতন্ত্র হরণের কারণে দেশবাসী অনেক আগেই এই আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। এখন বিদেশ থেকেও প্রত্যাখিত হয়ে সরকারের মাথা নষ্ট হয়ে গেছে। তাই সরকারের মন্ত্রীরা একেক সময় একেক কথা বলছেন। সকালে এক কথা আর বিকেলে আরেক কথা। সরকারের পতন অতি সন্নিকটে। তাদের সমন্বয়হীন কথা সেই ইঙ্গিত দিচ্ছে।
তিনি বলেন, সরকার নড়বড়ে অবস্থায় আছে। এখন প্রয়োজন একটু ধাক্কা। আর ধাক্কা দেওয়ার জন্য দেশের জনগণ ও সব দেশপ্রেমিক রাজনৈতিক দল এক হয়েছে। কোনো ধরনের ষড়যন্ত্রেই সরকার এবার আর রক্ষা পাবে না।
যৌথ সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনূস মৃধা, মোশাররফ হোসেন খোকন, সিকান্দার কাদের, বিএনপি নেতা সাইদ হাসান মিন্টু, খন্দকার এনামুল হক, এ এ জহির উদ্দিন তুহিন, সাদ মোরশেদ পাপ্পা সিকদার, বদরুল আলম সবুজ, লোকমান হোসেন ফকির, এস এম আব্বাস, ফজলে রুবাইয়াত পাপ্পু, নাদিয়া পাঠান পাপন প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ