আওয়ামী লীগ রাজপথে সব সময় পরাজিত হয়েছে : মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আওয়ামী লীগ রাজপথে সব সময় পরাজিত হয়েছে : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ১২, ২০২২ ১২:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ১২, ২০২২ ১২:৫৮ অপরাহ্ণ

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জ্বালানি তেলের দাম বেড়েছে, বিদ্যুতের লোডশেডিং, পানির দাম বেড়েছে, তেল-চাল-ডালের দাম বেড়েছে। সরকার রাষ্ট্রপরিচালনায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তাদের দুর্নীতি আকাশচুম্বী। আমরা আরাফাত রহমান কোকোর শোককে শক্তিতে রুপান্তর করে সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই। দেশে একটা সুস্থ সমাজ এবং সুস্থ ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব- এই শপথ আমরা নিয়েছি।

শুক্রবার (১২ আগস্ট) সকালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর ৫৩তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানীতে কবরে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রাজপথে বিএনপিকে মোকাবিলা করা হবে,আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, ওটা তাদের পুরোনো কথা। বারবার তারা এসব কথা বলেছেন এবং পরাজিত হয়েছেন।

বিএনপি মহাসচিব বলেন, আরাফাত রহমান কোকো একজন ক্রীড়ামোদি, ক্রীড়া সংগঠক ছিলেন। তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তিনি অতি অল্প সময়ের মধ্যে ক্রিকেটের উন্নয়ন-অগ্রগতির ভিত্তি স্থাপন করেছিলেন। শুধু ক্রিকেট নয়, তিনি ক্রীড়ার সব প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য চেষ্টা করেছেন। আমাদের এখানে যারা আছেন, তারা সবাই জানেন আরাফাত রহমান কোকো একজন নিরহঙ্কারী মানুষ ছিলেন। তিনি খেলাধুলাকে ভালোবাসতেন।

তিনি অভিযোগ করে বলেন, বর্তমান সরকার খালেদা জিয়াকে বেআইনিভাবে আটক করে রেখেছে। তারেক রহমানকে নির্বাসিত করে রাখা হয়েছে। আমাদের ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে। এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে দেশের মানুষের সমস্যার কোনো সমাধান হবে না। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যে লড়াই-সংগ্রাম চলছে তাতে আমরা অবশ্যই জয়ী হব।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আবদুস সালাম, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, উত্তরের সদস্য সচিব আমিনুল হক, বিএনপি নেতা কামরুজ্জামান রতন, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু, সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ