আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রাম করেনি: রব - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৩১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রাম করেনি: রব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২, ২০২৩ ৮:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২, ২০২৩ ৮:১৫ অপরাহ্ণ

 

বর্তমানে একটি জাতীয় সরকার প্রয়োজন মন্তব্য করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রাম করেনি। কোথাও লেখা নেই আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রাম করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব আর আওয়ামী লীগ এক জিনিস নয়।’

বৃহস্পতিবার (২ মার্চ) বিকালে ঐতিহাসিক পতাকা উত্তলন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে জেএসডি।

সভায় আ স ম আব্দুর রব বলেন, ‘একজনই কি বাংলাদেশ অর্জন করেছে? আর কারো কোনো অবদান নেই? তাহলে লক্ষ-লক্ষ মানুষ প্রাণ দিলো কেনো? দুই লক্ষ মা-বোনের সম্ভ্রম হানি হলো কেন? আজকে সমগ্র দেশটাকে এক ব্যক্তির, এক দলের, এক পরিবারের, এক গোষ্ঠির আওতাভূক্ত করার চেষ্টা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘সংবিধান, রাষ্ট্র, আদালত সব এক ব্যক্তির নিয়ন্ত্রনাধীন করা হয়েছে। উনি যেটা বলবেন, সেটাই আইন। বর্তমান অসংবিধানিক সরকার ক্ষমতায় যাওয়ার জন্য জনগণের সাথে যে চুক্তি করতে হয়, সেটা করে না। রাষ্ট্র আজকে বিপদজ্জনক অবস্থায় পরিণত হয়েছে, কথা বলা যাবে না। কথা বললেই গুলি করে দিবে। এভাবে সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। এমন বাংলাদেশ তো আমরা চাইনি।’

তিনি আরও বলেন, ‘যাদের সন্তানকে খুন করা হয়েছে, যাদের পরিবারকে গুম করা হয়েছে, যাদেরকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে, যাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তারা কিন্তু ছেড়ে দিবে না। রাষ্ট্র আজকে ভয়ংকর একটি অবস্থার মধ্যে নিমজ্জিত হয়েছে।’

আ স ম আব্দুর রব বলেন, ‘মুক্তিযুদ্ধে আমরা যা অর্জন করেছিলাম সব লুটপাট করে খেয়ে ফেলা হয়েছে। ব্যাংক লুট করা হয়েছে, বিদেশে টাকা পাচার করা হয়েছে। বর্তমান সরকার যদি একটি মন্ত্রণালয় বা প্রতিষ্ঠানের কথা বলতে পারে একেবারে ওয়ার্ড পর্যায় পর্যন্ত যে প্রতিষ্ঠানে ঘুষ-দুর্নীতি হয়নি, তাহলে আমি আর রাজনীতি করবো না।’

জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রবের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাড. হাসনাত কাইয়ুম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ