আওয়ামী শাসকগোষ্ঠী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাস করে না: ফখরুল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, মার্চ ১, ২০২৪ ১১:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মার্চ ১, ২০২৪ ১১:৫৪ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
অবৈধ আওয়ামী শাসকগোষ্ঠী সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১ মার্চ) গত বৃহস্পতিবারের ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের শেষ দিনে বিএনপিপন্থি আইনজীবীদের ওপর আওয়ামীপন্থি আইনজীবীদের হামলা, ককটেল বিস্ফোরণ, ব্যালট পেপার ছিনতাই ও ব্যাপক মারধরের ন্যক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, এদের ঐতিহ্যে বহুদলীয় গণতন্ত্র চর্চার কোনো নজির নেই। জোর করে প্রহসনের নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতাসহ সকল প্রতিষ্ঠান দখল করতে চায় তারা। ৭ জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে আবারও তাদের গণতন্ত্র বিনাশী চরিত্রেরই বহিঃপ্রকাশ দেখা গেল।
ফখরুল বলেন, বৃহস্পতিবার আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থি আইনজীবী ও সাধারণ আইনজীবী ভোটারদের ওপর হামলায় আবারও আরেকটি কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি হলো। নিজেদের পরাজয় আঁচ করতে পেরেই এই হামলা করেছে আওয়ামীপন্থি আইনজীবীরা। আদালত প্রাঙ্গণে এ সহিংসতায় প্রমাণ হয়-আওয়ামী লীগ আর কখনোই সুষ্ঠু নির্বাচনের পথে হাঁটবে না। নির্বাচনের নামে এরা নিজেদের অনুকূলে শুধুই একতরফা ফল ঘোষণা করবে। তবে গণতন্ত্রকামী মানুষকে এই মুহূর্তে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ফেরানোর আন্দোলনকে আরও জোরদার করতে হবে। নইলে এদেশের মানুষ আর কখনোই মৌলিক মানবাধিকার, আইনের শাসন ও মত প্রকাশের স্বাধীনতা ফিরে পাবে না।
বিএনপি মহাসচিব বলেন, সরকারদলীয় আইনজীবীদের কর্তৃক এ ধরনের ন্যক্কারজনক হামলার ঘটনায় আমি তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি।
জনতার আওয়াজ/আ আ