আগামীতে দুই-তিন রকমের কর্মসূচি দেবে গণতন্ত্র মঞ্চ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আগামীতে দুই-তিন রকমের কর্মসূচি দেবে গণতন্ত্র মঞ্চ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ১২, ২০২৩ ৯:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ১২, ২০২৩ ৯:০৮ অপরাহ্ণ

 

বিভ্রান্তি সৃষ্টি না করে গণআন্দোলনের প্রস্তুতি নিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে গণতন্ত্র মঞ্চ। নেতারা বলছেন, আন্দোলন আসন্ন, আর তা কেবল ক্ষমতার বদল নয়, বরং রাষ্ট্র সংস্কার নিশ্চিত করতে হবে। নৌকা এবার ডুবন্ত, নৌকা ডুবছে। আর বিরোধী দল ভাসছে। বিরোধী দলের আন্দোলন সারাদেশে দেখা যায়। আগামী দিনে দুই-তিন রকমের কর্মসূচি দেবে গণতন্ত্র মঞ্চ। এই সরকারের শেষ দেখা পর্যন্ত আন্দোলন চলবে।

শুক্রবার (১২ মে) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন মঞ্চের সিনিয়র নেতারা। সমাবেশকে কেন্দ্র করে পল্টন মোড় থেকে প্রেসক্লাবের দিকে আসার সড়কটি বন্ধ করে দেয় পুলিশ। এ কারণে পল্টন মোড়ে কিছুটা যানজট সৃষ্টি হয়।

এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আপনাকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) ক্ষমতায় রেখে বিরোধী দল কোনো নির্বাচনে যাবে না। বেশি খারাপ পরিণতি না চাইলে ক্ষমতা থেকে সরে যান। ডিসেম্বরের মধ্যে গায়ের জোরে নির্বাচন করবেন, এবার সেটা আমরা হতে দেবো না। হয় যান, নয় নিদারুণ পরিণতির জন্য প্রস্তুত থাকুন।

সম্প্রতি প্রধানমন্ত্রীর ত্রিদেশীয় সফর প্রসঙ্গে তিনি বলেন, ‘কী পেয়েছেন এই সফর থেকে। প্রতিবার বিদেশ সফর শেষে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন, সংবাদ সম্মেলন করেন, এবার তো কিছুই করলেন না।’

এর আগে বক্তব্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গত ১৪ বছরে এত পাপ করেছেন, তা আপনাদের নৌকা আর সেই বোঝা বহন করতে পারবে না। বুড়িগঙ্গায় ঝাঁপ নিয়েও নিজেদের রক্ষা করতে পারবেন না। সিরাতুল মোস্তাকিমের পথে (সোজা পথ) হাঁটুন। কীভাবে আরেকটি যেনতেন নির্বাচন করে ক্ষমতায় আসা যাবে, সরকার সেই ফন্দি আঁটছেন মন্তব্য করে তিনি বলেন, ফন্দি আঁটছেন আরেকটি তামাশার নির্বাচন করার জন্য। এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। মানুষ এখন রাজপথে নেমে এসেছে। এসব স্বপ্ন আর বাস্তবায়ন হবে না।

বিরোধী দলের প্রতি সাইফুল হক বলেন, আমরা যারা বিরোধী দলে আছি, যারা যারা যুগপৎ আন্দোলনে আছি তাদের উদ্দেশ্যে বলবো, তীরে এসে যেন তরী না ডুবে। সকল সংকীর্ণ চিন্তা পরিহার করে আন্দোলন গড়ে তুলতে হবে। এ সময় বিরোধী দলগুলোকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

গণঅধিকার পরিষদের মঞ্চত্যাগের বিষয়ে তিনি বলেন, আমাদের মঞ্চ ছেড়ে গেছে একটি দল। তারা কেন চলে গেল, জানি না। আন্দোলন যখন চলে তখন নানা ধরনের ঘাঁপটিবাজেরা, সুবিধাবাদীরা থাকে। আগামী ঈদে কোরবানির পশুর মতো ঘাঁপটিবাজদের কোরবানি হয়ে যাবে।

ক্ষমতাসীন সরকারের উদ্দেশ্যে জোনায়েদ সাকি বলেন, মানুষের মন যদি বুঝেন, তাহলে আসন্ন গণঅভুত্থান ঠেকাতে পারবেন না। যারা যারা মনে করছেন, ঘরে বসে থাকবেন, তাদের বলছি, মানুষ ঘরে-ঘরে গিয়ে ধাওয়া দেবে। সেজন্য প্রস্তুত থাকেন।

জনগণের প্রতি আহ্বান জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, আন্দোলনের প্রস্তুতি নিন, মাঠে আপনাদের নামতেই হবে। দেশের ভবিষ্যত দেখতে পাচ্ছি। মাত্র একটি পরিবারের স্বার্থরক্ষার জন্য তারা পুরো দেশকে বিভাজিত করে রেখেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে দেওয়া বক্তব্যের বিষয়ে তিনি বলেন, এখনই আপোষের কথা আসছে, এখনও তো আন্দোলন শুরু করিনি।

চলমান এই আন্দোলন কেবলমাত্র ক্ষমতার পরিবর্তন নয় উল্লেখ করে সাকি বলেন, বিএনপিসহ সকল বিরোধী দলের প্রতি আহ্বান থাকবে, কোনোভাবে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করবেন না। এদেশের গতিপথ নির্ধারিত হয়ে গেছে। এই সরকারের পদত্যাগ করতেই হবে। ক্ষমতার ভারসাম্য আনতে হবে। যারা মনে করেন, ক্ষমতায় গিয়ে এসব সংস্কার ভুলে যাবেন, তাহলে জনগণ সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দেবে’ বলে মন্তব্য করেন জোনায়েদ সাকি।

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, সরকার যায়, সরকার আসে। গত ৫২ বছরে ১৭ বার ক্ষমতার বদল হয়েছে। কিন্তু জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। গণতন্ত্র মঞ্চ জনগণের এই ভাগ্যবদলের সঙ্গী হওয়ার শপথ নিয়েছে। গণতন্ত্র উদ্ধার করে দেশে ক্ষমতা কাঠামোর সংস্কার করা হবে। এই সংস্কারই জনগণের মূল লক্ষ্য। ওয়াদা করছি দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাব না। যারা এই বিনাভোটের সরকারের অধীনে নির্বাচনে যাবে, তাদের বিচার করা হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, গণসংহতি আন্দোলনের তাসলিমা আকতার প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ