আগামী ৩ মাসের মধ্যে হেলথ কার্ড বিতরণ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৩০, শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আগামী ৩ মাসের মধ্যে হেলথ কার্ড বিতরণ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ১৮, ২০২৬ ৬:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ১৮, ২০২৬ ৬:৩১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আগামী ৩ মাসের মধ্যে হেলথ কার্ড বিতরণ করা হবে। এটি একটি বিজ্ঞান সম্মত ডিজিটাল কার্ড, যার মাধ্যমে আপনার শরীরের জিন থেকে শুরু করে কোথায় কোন ডাক্তার দেখিয়েছেন সমস্ত রেকর্ড থাকবে। দেশের যেকোনো জায়গায় গিয়ে ডাক্তার দেখালে মুখে কিছুই বলতে হবে না, কার্ড দেখেই ডাক্তার বুঝতে পারবেন আপনার সমস্যার কথা।

বুধবার (১৮ মার্চ) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ হলরুমে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ ও গরিব মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “এই হেলথ কার্ডের মাধ্যমে একজন ব্যক্তির শরীরের জিনগত তথ্য থেকে শুরু করে তিনি কোথায়, কোন চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন—সব তথ্য সংরক্ষিত থাকবে। ফলে দেশের যেকোনো স্থানে চিকিৎসকের কাছে গেলে রোগীকে আলাদা করে কিছু বলতে হবে না, কার্ড দেখেই চিকিৎসক তার রোগ ও চিকিৎসার ইতিহাস বুঝতে পারবেন।”

তিনি আরও বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। “ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করেছি। পর্যায়ক্রমে প্রতি মাসে সারা দেশে এই কার্ড বিতরণ করা হবে। কৃষকদের কৃষিঋণের ১০ হাজার টাকা সুদসহ মওকুফ করা হয়েছে। এছাড়া আগামী মাসের মধ্যে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ প্রদান করা হবে।”

মন্ত্রী জানান, সরকারের প্রতিটি মন্ত্রণালয়ে জনগণের কল্যাণে কার্যক্রম জোরদার করা হচ্ছে। তিনি বলেন, “আপনারা যে ভোট দিয়েছেন, তার প্রতিদান হিসেবে আমরা মানুষের কল্যাণে কাজ করতে চাই। জনগণের কাছে আমরা দায়বদ্ধ। আপনাদের খোঁজখবর রাখা এবং জবাবদিহিতা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এই সরকার একটি দায়বদ্ধ সরকার।”

গত সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ে কোনো তহবিল রেখে যাওয়া হয়নি। “তবুও আমরা প্রতিটি ইউনিয়নের মসজিদ, মন্দির ও গোরস্থানের জন্য ৩০ লাখ টাকা করে বরাদ্দ দিয়েছি। আমরা মানুষের কল্যাণে কাজ শুরু করেছি। আপনারা সহযোগিতা করলে দুর্নীতি ও মাদকমুক্ত একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব হবে ইনশাআল্লাহ।”

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, উপজেলা বিএনপির সদস্য ভিপি মোস্তফা মিয়াসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে স্বাস্থ্য মন্ত্রী উপজেলার ২৮২ জন দুঃস্থ ও গরিব মানুষের মাঝে ঈদ উপলক্ষে অনুদান বিতরণ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ