আগুন সন্ত্রাস তো বিএনপি করে না, করে আ'লীগের লোকজন: মির্জা আব্বাস - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৪৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আগুন সন্ত্রাস তো বিএনপি করে না, করে আ’লীগের লোকজন: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ৮, ২০২২ ৪:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ৮, ২০২২ ৪:০৭ অপরাহ্ণ

 

সরকারের পান্ডা বাহিনীর মনোবল উদ্দীপ্ত করার জন্য বিএনপির বিরুদ্ধে আগুন সন্ত্রাসের অভিযোগ করছে। আগুন সন্ত্রাস তো বিএনপি করে না, করে আওয়ামী লীগের লোকজন। বরিশালের এক এমপি বিহঙ্গ পরিবহনে আগুন লাগিয়েছিলেন এটা প্রেস ক্লাবের সামনে তার নেতাকর্মীরা প্রকাশ করেছিলেন। তারাই বলেছিলেন বাসের মধ্যে আগুন কারা দিয়েছিল।

মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এসব কথা বলেন।

৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ড্যাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

মির্জা আব্বাস বলেন, অগ্নি সন্ত্রাস শব্দটি ব্যবহার করে বিএনপির ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে। অপরাধ করে তারা, আর চাপিয়ে দেয় বিএনপির লোকজনের ওপর।

তিনি বলেন, আগ বাড়িয়ে আওয়ামী লীগ অগ্নি সন্ত্রাসের কথা বলছে। কারণ, আন্দোলন করার সময় আওয়ামী লীগ যে কাজটি করবে সেটাই তারা এখন বলছে। এই কাজ আওয়ামী লীগ বহুবার করেছে। এখন আবার করবে তা আগেই বলে দিচ্ছে। এটা আমরা বুঝে ফেলেছি, হয়তো বুঝতে একটু দেরি হয়েছে।

‘বিএনপি আন্দোলন করবে শান্তিপূর্ণ অহিংস। জনগণের আন্দোলন হচ্ছে বিএনপির আন্দোলন। আওয়ামী লীগ সব সময় বলে বিএনপির ১৩ বছরে ১৩ মিনিটও আন্দোলন করতে পারেনি। এখন আমরা প্রেস ক্লাব নয়াপল্টনের গণ্ডি পেরিয়ে সারাদেশে বিভাগীয় সমাবেশ করছি। সেই বিভাগীয় সমাবেশে জনস্রোত ঠেকাতে এই সরকার সব ধরনের চেষ্টা করেছে। আমাদের সমাবেশকে কেন্দ্র করে সবধরনের যানবাহন, লঞ্চ খেয়া এমনকি রিকশা পর্যন্ত বন্ধ করে দিয়েছে।’

এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক চিকিৎসক রফিকুল ইসলাম ও ড্যাবের নেতারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ