আগেও দেশকে রক্ষা করেছে বিএনপি, এবারও করবে: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫ ১:০৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫ ১:৪৭ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অতীতেও বিএনপি দেশকে ধ্বংসের কিনারা থেকে রক্ষা করেছে, ভবিষ্যতেও করবে। তবে সামনে কঠিন সময় আসছে উল্লেখ করে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতে তারেক রহমান শহীদ ওসমান হাদির স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন গণতন্ত্রের অকুতোভয় সৈনিক এবং ভোটের রাজনীতিতে বিশ্বাসী। জুলাই আন্দোলনের শহীদ ও যোদ্ধাদের পাশাপাশি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের সম্মান অক্ষুণ্ন রেখে দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধন করা হয়। এর অংশ হিসেবে শহরের সাতমাথা ও সরকারি আজিজুল হক কলেজসহ ২০টি গুরুত্বপূর্ণ স্থানে সর্বসাধারণের জন্য ফ্রি ওয়াই-ফাই সুবিধা চালু করা হয়েছে। পর্যায়ক্রমে আরও ৪০টি স্থানে এই সুবিধা সম্প্রসারণ করা হবে বলে আয়োজকরা জানান।
তারেক রহমান বলেন, স্বৈরাচারের হাত থেকে মুক্ত দেশকে ধ্বংসস্তূপ থেকে নতুন করে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ