আজকের শিশুরাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর : ফজিলাতুন নেসা ইন্দিরা - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০০, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আজকের শিশুরাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর : ফজিলাতুন নেসা ইন্দিরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৩ ৬:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৩ ৬:৪৯ অপরাহ্ণ

 

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, আজকের শিশু ও কিশোররাই ২০৪১ সালের উন্নত-সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর। তাই শিশুদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা একান্ত অপরিহার্য।

তিনি বলেছেন, সরকার হতদরিদ্র, ছিন্নমূল পথশিশুদের পুনর্বাসন, শিশু শ্রম নিরসন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ এবং শিক্ষা ও বিনোদনের সুযোগ নিশ্চিত করতে নানাবিধ কার্যক্রম পরিচালনা করছে। সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরীদের সুরক্ষা ও ক্ষমতায়ন নিশ্চিত করা হলে তারা সমাজের চেঞ্জ এজেন্ট হিসেবে কাজ করবে।

প্রতিমন্ত্রী বলেন, মা ও শিশুর পুষ্টি চাহিদা পূরণে মা ও শিশু সহায়তা কর্মসূচির মাধ্যমে ১২ লাখ ৫৪ হাজার মা ও শিশুকে বেনিফিট ভাতা দেওয়া হচ্ছে। শিশুদের দারিদ্র্য বিমোচন, পুষ্টি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, মননশীলতা, বিকাশ ও নিরাপদ আশ্রয় ইত্যাদি সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে।

আজ রোববার ঢাকায় বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে ইউনিসেফের সহায়তায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়িত Accelerating Protection for Children (APC) প্রকল্পের আয়োজনে “National Program on Harmful Practices and Violence Against Children and Women” বিষয়ে প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। প্রশিক্ষণে মহিলাবিষয়ক অধিদপ্তরের ৬০ জন উপপরিচালক ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা অংশগ্রহণ করেন।

রোববার ঢাকায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়িত অনুষ্ঠানে মাল্টিমডিয়া প্রজেক্ট বিতরণ করেন প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিসেফের চাইল্ড প্রোটেকশন চিফ নাতালিয়ে ম্যাককৌলি, অতিরিক্ত সচিব মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, প্রকল্প পরিচালক এসএম লতিফ ও ইউনিসেফের চাইল্ড প্রটেকশন ম্যানেজার এলিজা কল্পনা।

এ সময় হাসানুজ্জামান কল্লোল বলেন, শিশুর প্রতি সহিংসতা বন্ধ করতে সরকার কাজ করে যাচ্ছে। সরকার শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি ও কল্যাণের সুযোগ বৃদ্ধি করছে।

এপিসি প্রকল্প দেশের সুবিধাবঞ্চিতদের নারী, শিশু ও কিশোরদের গুণগত মানসম্পন্ন সামাজিক সেবা এবং ইতিবাচক আচরণ চর্চার মাধ্যমে ক্ষমতায়নে কাজ করছে। প্রকল্পটি ২৫টি জেলার ৫০টি উপজেলা এবং ১১টি সিটি করপোরেশনে বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পের মাধ্যমে ২ হাজার ১০০টি কিশোর-কিশোরী ক্লাব স্থাপন ও পরিচালনা, সাঁতার প্রশিক্ষক তৈরি, এক লাখ শিশুকে সাঁতার শেখানো, ৭ হাজার ৫৪৫ জন কিশোর-কিশোরীকে ঝুঁকিপূর্ণ শ্রম থেকে সরিয়ে পড়াশোনায় অংশগ্রহণ করানোর লক্ষ্যে কাজ করছে।

প্রশিক্ষণে এপিসি প্রকল্পের শিশুর বিকাশ সম্পর্কিত মডিউল ‘জীবনের যাত্রা (Journey of Life)’ বিষয়ে মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা অংশগ্রহণ করছেন। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা উপপরিচালক ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তাদের মধ্যে মাল্টিমিডিয়া প্রজেক্ট বিতরণ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ