আতঙ্কিত সরকার দুর্বল হয়ে পড়েছে: রিজভী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, অক্টোবর ১৮, ২০২৩ ২:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, অক্টোবর ১৮, ২০২৩ ২:১৬ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
অবৈধ সরকার দুর্বল হয়ে নিপীড়ন নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল রিজভী।
তিনি বলেন, ‘সরকার আতঙ্কিত হয়ে দুঃশাসন নিপীড়ন এবং দমনমূলক আচরণ বাড়িয়ে দিয়েছে। আসলে সরকার দুর্বল হয়ে গেছে। এই সরকারের কোনো গণভিত্তি নেই বলেই তারা দমনের নীতি অবলম্বন করছেন। এই কারণে গতকাল থেকে আমাদের প্রায় ৬০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। নিপীড়ন নির্যাতন করে পৃথিবীতে কোনো স্বৈরাচার শাসকই টিকে থাকতে পারেনি। এই সরকারও পারবে না।
বুধবার (১৮ অক্টোবর) সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তর-এর মাজারে শ্রদ্ধা ও ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘একটি দল যদি রাষ্ট্র ক্ষমতা জোর করে দখল করে থাকে সেই দলের যদি জনসমর্থন না থাকে সেই সরকার যদি জনসমর্থনহীন হয় তখন তারা নানা ধরনের অগণতান্ত্রিক আচরণ করে তাদের ব্যবহারের মধ্যে দুঃশাসনকে টিকিয়ে রাখার নানা ধরনের উদ্যোগ আয়োজন থাকবে আমরা সেটাই এখন আমরা দেখতে পাচ্ছি। আজকে জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্র ঘোষিত যে কর্মসূচি সেটা হচ্ছে আমাদের দলীয় কার্যালয়ের সামনে জনসমাবেশ। এটা একটা শান্তিপূর্ণ সমাবেশ। এই সমাবেশে জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, এবং এক দফার যে আন্দোলন সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নিরপক্ষ সরকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্রের প্রতীক দেশনেত্রীর মুক্তির দাবিতে।’
বিএনপির এই মুখপাত্র বলেন, ‘যেহেতু গণবিচ্ছিন্ন সরকার তাই তারা সবসময় আতঙ্কে ভোগে এবং আতঙ্কে ভুগতে গিয়ে গতকাল থেকে আমাদের বহু নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে, আমাদের রুহুল কুদ্দুস তালুকদার দুলু কয়েকবারের এমপি। মন্ত্রী ছিল দলের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আমাদের তাঁতি দলের আহ্বায়কসহ অনেককে গ্রেফতার করা হয়েছে অন্যায়ভাবে।’
তিনি বলেন, ‘এই সরকারের নিপীড়ন নির্যাতনের কারণে মানুষের মধ্যে যে দ্রোহ ক্ষোভ সেই দ্রোহের কিছুটা প্রতিফলন দেখা যায় সমাবেশ এবং মিছিল মিটিং-এর মধ্য দিয়ে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এটার মধ্য দিয়ে তারা দেখে আমাদের নেতারা আগামী দিনে কি ধরনের কর্মসূচি দিবেন। এটাতো যুগ যুগ ধরে হয়েছে জাতীয় নেতারা যখন কথা বলছেন সেখানে সাধারণ মানুষ দলের নেতারা অংশগ্রহণ করে সেটা শোনে।’
রিজভী বলেন, ‘জনগণের সত্যিকারের সংগ্রামকে কখনোই দমন করে রাখা যায় না। সত্য এবং ন্যায়ের সংগ্রাম সবসময়ই বিজয়ী হয়, হয়তো সাময়িকভাবে কষ্ট হয় কিন্তু সেটা অবশ্যই বিজয়ী হবে। আমাদের নীতি এবং আদর্শ হচ্ছে দেশের গণতন্ত্র ফেরানো মানুষের অধিকার ফেরানো, সেটার জন্যই আমাদের লড়াই আর এই লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছেন দেশনায়ক তারেক রহমান।’
এ সময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ডাক্তার ফরহাদ আলিম ডোনার, বিএনপির সহপ্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক ডক্টর মোরশেদ হাসান খান প্রমুখ উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ