আনসারদের সঙ্গে সংঘর্ষের পর শিক্ষার্থীদের ৩ দাবি - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আনসারদের সঙ্গে সংঘর্ষের পর শিক্ষার্থীদের ৩ দাবি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ২৬, ২০২৪ ১২:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ২৬, ২০২৪ ১২:৪৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

সচিবালয়ের সামনে আনসার সদস্যদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষার্থীরা সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ফিরে অন্তর্বর্তী সরকারের কাছে ৩ দফা দাবি রেখেছেন।

রবিবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে এই তিন দফা ঘোষণা করেন তারা।

দাবি উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, আন্দোলনকারী আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষে আহত শিক্ষার্থীদের চিকিৎসার খরচ সরকারকে বহন করতে হবে। শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। এবং সরকারের সব পর্যায়ে ক্লিন অভিযান পরিচালনা করে ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।

এরপর বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান মুখ সারজিস আলম। তিনি বলেন, শকুনদের বলে দিতে চাই, আজকের পর থেকে সচিবালয়ের আশপাশে অবস্থান করলে ছাত্র-জনতা দেখে নেবে।

এ সমন্বয়ক আরও বলেন, গণঅভ্যুত্থানের কয়েকদিন যেতে না যেতে অধিকার আদায়ের নামে যারা ভণ্ডামি করে সচিবালয় ব্লকেড করে, তারা স্বৈরাচারের দালাল। আমাদের ভাইদের ওপর হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ছি না। শকুনদের সাবধান করে দিতে চাই। আমার ভাইয়ের দিকে হাত বাড়ালে আর অস্তিত্ব থাকবে না।

এদিকে, আনসার ও ছাত্র-জনতার সংঘর্ষের পর সচিবালয় ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বাসভবন যমুনার আশপাশে যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রবিবার দিবাগত রাতে ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ