আনসারীকে অবাঞ্ছিত ঘোষণা মিশিগান আ.লীগের - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আনসারীকে অবাঞ্ছিত ঘোষণা মিশিগান আ.লীগের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ২৬, ২০২২ ১০:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ২৬, ২০২২ ১০:৩৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

জাস্ট নিউজ সম্পাদক মুশফিকুল ফজল আনসারীকে অবাঞ্ছিত ঘোষণা করেছে মিশিগান আওয়ামী লীগ।

স্থানীয় সময় রোববার (২৪ জুলাই) বিকালে হ্যামট্রামিক শহরের কাবাব হাউজের পার্কিং লটে মিশিগান আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী প্রতিবাদ সমাবেশ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে অপ্রচার ও ষড়যন্ত্রমূলক বক্তব্যের প্রতিবাদে মিশিগান স্টেট আওয়ামী লীগ ও মিশিগান মহানগর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশের ডাক দেয়। সমাবেশে মিশিগান যুবলীগ ও ছাত্রলীগ পৃথক পৃথক ব্যানারে অংশ নেয়।

গত ১৭ জুলাই হ্যামট্রামিক শহরের কাবাব হাউজে বাংলা প্রেস ক্লাবের মতবিনিময় সভায় মুসফিকুল ফজল আনসারী বক্তব্যে রাখছিলেন। অনুষ্ঠানে উপস্থিত মিশিগান স্টেট আওয়ামী লীগ সভাপতি ফারুক আহমদ চাঁন সরকারবিরোধী বক্তব্যের প্রতিবাদ করলে বিএনপি নেতাকর্মীরা তার সঙ্গে অশোভন আচরণ করেন। এ নিয়ে একপর্যায়ে অনুষ্ঠানস্থলে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মিশিগান মহানগর আওয়ামী লীগ সভাপতি আব্দুস শাকুর খান মাখন। যৌথভাবে সঞ্চালনা করেন মহানগর আওয়ামী লীগ সেক্রেটারি মোহাম্মদ মুতালিব ও স্টেট আওয়ামী লীগ সেক্রেটারি আবু মুসা।

সমাবেশে ভিডিওকলে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।

আরও বক্তব্য রাখেন- মিশিগান স্টেট আওয়ামী লীগ সভাপতি ফারুক আহমদ চান, বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ সভাপতি এমডি রাব্বি আলম, জাসদ নেতা জাবেদ চৌধুরী, মিশিগান বঙ্গবন্ধু পরিষদ সভাপতি আব্দুল আহাদ, যুবলীগ সভাপতি আজিজ সুমন, সেক্রেটারি শেখ বদরুদ্দোজা জুনেদ, ছাত্রলীগের আহবায়ক খাজা আফজাল হোসেন, যুগ্ম আহবায়ক কাজী মামুনসহ মিশিগান স্টেট ও মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের অন্তত ৩৫ জন নেতা।

বক্তারা বলেন, সাংবাদিকতার নামে যুক্তরাষ্ট্র থেকে যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাদের দাঁতভাঙ্গা জবাব দিতে আওয়ামী লীগ সৈনিকেরা সবসময় সোচ্চার আছে এবং থাকবে। সাংবাদিকদের একটি সংগঠনের অনুষ্ঠানে এসে বাংলাদেশ সরকারের অপ্রচার ও রাজনৈতিক উদ্দেশ্যেমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

বাংলা প্রেস ক্লাব মিশিগানের দু:খ প্রকাশ

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর বক্তব্যকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থির জন্য দু:খ প্রকাশ করেছে বাংলা প্রেস ক্লাব মিশিগান। ক্লাবটির সভাপতি সৈয়দ শাহেদুল হক এবং সাধারণ সম্পাদক মোস্তফা কামাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই দু:খ প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে নেতারা বলেন, ১৭ জুলাই বাংলা প্রেস ক্লাবের অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিথি বক্তা মুশফিকুল ফজল আনসারীর বক্তব্য উনার একান্তই নিজের। এতে প্রেস ক্লাবের কোনো সম্পর্ক নেই।

সাংবাদিক নেতারা বলেন, বাংলা প্রেস ক্লাব একটি অরাজনৈতিক সংগঠন। এর মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশি প্রবাসীদের সাহায্যে-সহযোগিতার মাধ্যমে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার হাতকে প্রশস্থ করা। দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে প্রবাসীদের স্বার্থ সুরক্ষায় আমরা সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ