আন্দোলনের ভয় দেখিয়ে আ’লীগকে টলানো যাবে না: নানক - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০৭, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আন্দোলনের ভয় দেখিয়ে আ’লীগকে টলানো যাবে না: নানক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ৯, ২০২৩ ১০:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ৯, ২০২৩ ১০:১৭ অপরাহ্ণ

 

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাড. জাহাঙ্গীর কবির নানক বলেছেন, দেশের ভেতরে একটি অশুভ শক্তি সরকারের বিরুদ্ধে কুৎসা রটনা করে। তারা সরকার ফেলে দেওয়ার চিন্তা করে। দেশের মধ্যে থেকে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র করেছে। তিনি বলেন, ষড়যন্ত্র করে আর আন্দোলনের ভয় দেখিয়ে আওয়ামী লীগকে টলানো যাবে না।

আজ মঙ্গলবার বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কথা-কবিতায় স্মরণ ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেটের ‘বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া স্মৃতি পাঠাগারে’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিদেশী প্রভুদের কাছে পা ধরে, আপত্তি করে, নালিশ করে, অভিযোগ করে, কোন লাভ হবে না। সোজা পথে আসতে হবে। অগণতান্ত্রিক পথ পরিহার করে গণতন্ত্রের পথে আসতে হবে। নির্বাচনই হলো একমাত্র সরকার পরিবর্তনের হাতিয়ার।

সেই পথে বিএনপিকে আসার আহ্বান জানিয়ে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, আজকে দীর্ঘ সময় জাপান, আমেরিকা ও যুক্তরাজ্য সফর শেষে আল্লাহ তা‘লার ইচ্ছায় স্বদেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই সফরে বিদেশী প্রধানমন্ত্রীদের সঙ্গে সাক্ষাতে বাংলাদেশের জনগণের মুখ উজ্জ্বল করেছেন তিনি।

১/১১’র প্রসঙ্গ স্মরণ করে তিন বলেন, এই মে মাসে আমরা আন্দোলন করেছিলাম যখন ১/১১ সরকার শেখ হাসিনাকে গ্রেফতার করলেন। গ্রেফতার হওয়ার পর তিনি যখন দেশের বাইরে গেলেন চিকিৎসার জন্য। তারপরে তাকে আর দেশে ফিরতে দিতে চায়নি। তাকে বহনকারী বিমান ঢাকা বিমানবন্দরে নামতে দেওয়া হবে না। এটি জানিয়ে দেওয়ার পরও শেখ হাসিনাই সেই নেত্রী যিনি সকল রক্তচক্ষু উপেক্ষা করে দেশে ফিরে এসেছিলেন।

‘আজকের বাংলাদেশে যে মির্জা ফখরুল সাহেবরা জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত, তাদেরকে পরিস্কার বলতে চাই, এ দেশে তত্ত্বাবধায়ক সরকার চিরদিনের জন্য নির্বাসিত করছেন আপনারা। বিচারপতি সাহাবুদ্দিনকে দিয়ে যে তত্ত্বাবধায়ক কিংবা দল নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা হয়েছিল। তিনি যে বিশ্বাসঘাতকতা জনগণের সঙ্গে করেছিল, সেই বিশ্বাসঘাতকতার ফলেই বাংলার জনগণ বুঝতে পেরেছিল আসলে দল নিরপেক্ষ বলতে কোন কিছু নেই। কাজেই জনগণের নির্বাচিত সরকার ক্ষমতায় থাকতেই নির্বাচন হবে। তবে সেই নির্বাচন হবে স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে। সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, এটি আমরা বলতে পারি।’

ড. ওয়াজেদ মিয়ার স্মৃতিচারণ করে নানক বলেন, তিনি মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জীবনসঙ্গিনী হওয়ার পরও কখনো তার রাজনীতিতে হস্তক্ষেপ করেননি। তিনি তাকে রাজনীতিতে সাহস ও শক্তি জুগিয়েছিলেন।

বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া স্মৃতি পাঠাগার পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ছবি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন নুরুন নবী ভোলা। উপস্থিত ছিলেন সাবেক সচিব ও প্রধানমন্ত্রীর সংসদীয় আসনের সংসদ সদস্যের প্রতিনিধি মো. শহীদ উল্লা খন্দকার, ইসলামিয়া আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশিদ, ওয়াজেদ মিয়া স্মৃতি পাঠাগার পরিচালনা কমিটির সদস্য ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ, উপদেষ্টা প্রকৌশলী সাঈদ রেজা শান্ত প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ