আন্দোলন ও নির্বাচনের বছর হওয়ায় সহস্রাধিক ইফতার পার্টির প্রস্তুতি বিএনপির - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪৬, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আন্দোলন ও নির্বাচনের বছর হওয়ায় সহস্রাধিক ইফতার পার্টির প্রস্তুতি বিএনপির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৩, ২০২৩ ২:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৩, ২০২৩ ২:৫৪ অপরাহ্ণ

 

আন্দোলন ও নির্বাচনের বছর হওয়ায় এবার রমজানে ঘরে-বাইরে সক্রিয় থাকবে ১০ দফার ভিত্তিতে যুগপৎ আন্দোলনে থাকা বিএনপি। ইফতার রাজনীতির পাশাপাশি মাঠের কর্মসূচিতেও থাকবে দলটি। তবে এবার ইফতার রাজনীতিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কেন্দ্র থেকে তৃণমূল সারা দেশে কমপক্ষে সহস্রাধিক ইফতার পার্টির প্রস্তুতি নিচ্ছে বিএনপি। আগামীর আন্দোলন সামনে রেখে রমজানে ইফতারকেন্দ্রিক রাজনীতির মধ্য দিয়ে অভ্যন্তরীণ কোন্দল নিরসনের মাধ্যমে সারা দেশের কর্মীদের সংগঠিত করে সক্রিয় ও সজাগ রাখতে চায় দলটি। এ ছাড়া যুগপৎ শরিকদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার পাশাপাশি আন্দোলনে সমর্থন আদায়ে বিভিন্ন পেশাজীবী এবং প্রভাবশালী দেশের কূটনীতিকদের সঙ্গেও সম্পর্ক জোরদার করতে চায় হাইকমান্ড। এর বাইরে ইফতারের মাধ্যমে যুগপৎ আন্দোলনের বাইরে থাকা দলগুলোকেও কাছে টানার চেষ্টা চালাবে বিএনপি। দাবি না মানলে রমজানের পর বড় আন্দোলনে নামার পরিকল্পনা রয়েছে হাইকমান্ডের।

আগামীকাল শুক্রবার থেকে পবিত্র রমজান শুরু হচ্ছে। এবার রমজানে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কেন্দ্রীয়ভাবে চারটি ইফতার মাহফিল আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। প্রথম রোজায় এতিম, আলেম-ওলামাদের সম্মানে, চতুর্থ রোজায় বিশিষ্ট নাগরিক ও পেশাজীবী নেতৃবৃন্দের সম্মানে, সপ্তম রোজায় ঢাকাস্থ বিদেশি কূটনীতিকদের সম্মানে এবং একাদশতম রোজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে এসব ইফতার অনুষ্ঠিত হবে। এ ছাড়া এবারই প্রথম ঢাকা মহানগরের ৫০টি থানায় (উত্তরে ২৬টি ও দক্ষিণে ২৪টি) পৃথকভাবে ইফতার মাহফিলের আয়োজন করা হবে। উত্তরে ৩ এপ্রিল তুরাগ, উত্তরা-পশ্চিম, বিমানবন্দর ও খিলক্ষেত থানায় পৃথকভাবে ইফতার দিয়ে এই আয়োজন শুরু হবে, যা ৮ এপ্রিল বাড্ডা, ভাটারা ও রামপুরা থানার পৃথক ইফতারের মধ্য দিয়ে এই কর্মসূচি সমাপ্ত হবে। অন্যদিকে, দক্ষিণে ২৮ মার্চ থেকে এই আয়োজন শুরু হবে, তবে এখনো থানার নাম চূড়ান্ত হয়নি।

তৃণমূলের নেতাকর্মীদের অভিযোগ, অতীতে সারা দেশে কঠোর আন্দোলন হলেও ঢাকায় বড় আন্দোলন না হওয়ায় সার্বিকভাবে তখন সফলতা পায়নি। সেজন্য আগামীর একদফা আন্দোলন সামনে রেখে এবার ইফতার মাহফিলের মধ্য দিয়ে তৃণমূলের নেতাকর্মীদের সংগঠিত ও সক্রিয় করার উদ্যোগ নিয়েছে হাইকমান্ড। ঢাকা মহানগর ছাড়াও দেশের সব মহানগরের থানাগুলোতেও এবার ইফতার আয়োজন করা হবে বলে জানা গেছে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম কালবেলাকে বলেন, এবার রমজানে বিএনপি কেন্দ্রীয়ভাবে ছাড়াও ঢাকা মহানগরের (উত্তর-দক্ষিণ) সব থানায় ইফতার মাহফিলের আয়োজন করবে। কেন্দ্রীয়, মহানগর ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে প্রতিটি ইফতার মাহফিল কর্মিসভায় পরিণত হবে।

এদিকে, আন্দোলন সামনে রেখে বিএনপির পাশাপাশি দলের অঙ্গসংগঠনের পক্ষ থেকেও এবার ইফতার আয়োজন করা হবে। জাতীয়তাবাদী যুবদল ও স্বেচ্ছাসেবক দল এবার ১০ সাংগঠনিক বিভাগে এই আয়োজন করবে। কৃষক দল কেন্দ্রীয়ভাবে একটি ইফতারের পাশাপাশি ১০ সাংগঠনিক বিভাগেও ইফতার মাহফিল করবে। ছাত্রদলও বিভাগভিত্তিক ইফতার মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

এ ছাড়া যুগপৎ আন্দোলনের শরিক কয়েকটি দল ও জোটের পক্ষ থেকেও ইফতার পার্টির আয়োজন করা হবে। ইফতার মাহফিলের মধ্য দিয়ে মূলত এসব দল বিএনপির সঙ্গে সম্পর্ককে আরও মজবুত ও সুদৃঢ় করে থাকে। গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জোটের শরিক এনডিপি, জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান শরিক এনপিপি ছাড়াও পৃথকভাবে যুগপৎ আন্দোলনে থাকা এলডিপি এবং গণফোরাম (মন্টু) ও বাবুল সরদার চাখারীর নেতৃত্বাধীন বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি) যৌথভাবে ইফতার মাহফিল আয়োজন করতে চায়। এ ছাড়া জিয়াউর রহমান ফাউন্ডেশন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ (ড্যাব) বিএনপিপন্থি বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও এই আয়োজন থাকবে।

এদিকে, বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় রেখে আন্দোলনের জন্য প্রস্তুত করতে কেন্দ্রের পাশাপাশি দেশের সব বিভাগ, সাংগঠনিক জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়েও ইফতার পার্টি আয়োজনের চিন্তাভাবনা চলছে। সারা দেশে দলের ৮২টি সাংগঠনিক জেলা রয়েছে। এ ছাড়া দেশব্যাপী ৫৫০টি উপজেলা এবং ৪ হাজার ৫০০-এর বেশি ইউনিয়ন রয়েছে।

জানতে চাইলে বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, রমজানে ঘরোয়া কর্মসূচি থাকবে, সাংগঠনিক কার্যক্রম চলবে, ইফতার মাহফিলও হবে। এর বাইরে পরিবেশ-পরিস্থিতি অনুযায়ী রাস্তার কর্মসূচিও থাকতে পারে। আমরা আন্দোলনের মধ্যে রয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। রমজানে যুগপৎ আন্দোলনের শরিকরা নিজ নিজ জোট ও দলের পক্ষ থেকে ইফতার মাহফিলসহ কর্মসূচি পালন করবে বলে জানান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ