আপনাদের কাছে অনুরোধ, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার করবেন না: ডিএমপি কমিশনার - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আপনাদের কাছে অনুরোধ, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার করবেন না: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ১৫, ২০২৫ ৭:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ১৫, ২০২৫ ৭:৩৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
গণমাধ্যমে ‘ধর্ষণ’ শব্দের পরিবর্তে ‘নারী নির্যাতন’ বা ‘নারী নিপীড়ন’ শব্দ ব্যবহারের অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএম‌পি) ক‌মিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শনিবার (১৫ মার্চ) ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) ও সুইচ বাংলাদেশ ফাউন্ডেশনের যৌথভাবে চালু করা গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে ‘হেল্প’ অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ সাজ্জাত আলী বলেন, ‘আমি দুটো শব্দ খুব অপছন্দ করি, এর মধ্যে একটি হলো ধর্ষণ। আপনাদের কাছে অনুরোধ, এটা ব্যবহার করবেন না। আপনারা নারী নির্যাতন বা নিপীড়ন বলবেন। আমাদের আইনেও নারী ও শিশু নির্যাতন বলা হয়েছে। যে শব্দগুলো শুনতে খারাপ লাগে, সেগুলো আমরা না বলি।

বক্তব্যে যেসব ঘটনা জনমনে আতঙ্ক বা ভয় সৃষ্টি করে, তা কম দেখানোর অনুরোধ জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, ‘এটা আপনারা করবেন, আপনাদের পেশাগত দায়িত্ব। তবে যদি একটু রিজনেবল করে দেখানো যায়।’

ডিএমপি কমিশনার বলেন, ‘যেসব ঘটনা প্যানিক সৃষ্টি করে, সেন্স অব ইনসিকিউরিটি তৈরি করে তা যদি আপনারা বারবার না দেখান তাহলেই আমার মনে হয় ভালো হবে।

গণপরিবহনে হেল্প অ্যাপে পাওয়া অভিযোগকে প্রাথমিক অভিযোগ বা এফআইআর হিসেবে ধরে পুলিশ কাজ করবে বলে জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, ‘সে ক্ষেত্রে কাউকে থানায় যেতে হবে না। এর পর থেকেই যখন কোনো অ্যাকশনের দরকার হবে, এটা ধরেই আমরা মামলা নেব।’

গণপরিবহনে নিপীড়ন প্রতিরোধে শ্রমিক নেতা ও বাস মালিকদের সঙ্গে বৈঠকের পরামর্শ দেন শেখ সাজ্জাত আলী। অনুষ্ঠানে বি‌শেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম।

সভাপ‌তি হিসেবে বক্তব্য দেন বি‌জে‌সির চেয়ারম‌্যান রে‌জোয়ানুল হক। অনুষ্ঠান সঞ্চালনা ক‌রেন বি‌জে‌সির নির্বাহী শাহনাজ শারমীন। এ ছাড়া এতে উপ‌স্থিত ছি‌লেন সুইচ বাংলা‌দে‌শের নির্বাহী প‌রিচালক মাইনুল আহসান ফয়সাল, স‌লিউশন স্পি‌নের প‌রিচালক আব্দুল্লাহ্ আল সা‌লেহ, বি‌জে‌সির সদস্যস‌চিব ইলিয়াস হো‌সেন, কোষাধ্যক্ষ মানস ঘোষ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ