আফসোস নেই, মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করব : মাহি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জানুয়ারি ২, ২০২৩ ৫:১৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জানুয়ারি ২, ২০২৩ ৫:১৭ পূর্বাহ্ণ

বিএনপির ছেড়ে দেওয়া চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। মনোনয়ন ফরম সংগ্রহও করেছিলেন; কিন্তু শেষ পর্যন্ত ওই আসনে নৌকার টিকিট পেয়েছেন মু. জিয়াউর রহমান।
তবে মনোনয়ন না পাওয়ায় কোনো আফসোস নেই মাহির। এমনকি মাহি জানিয়েছেন তিনি মনোনীত প্রার্থীর পক্ষেই কাজ করবেন। এ বিষয়ে মাহি বলেন, ‘মনোনয়ন পাইনি এ নিয়ে আমার কোনো আফসোস নেই। দল যাকে যোগ্য মনে করেছেন তাকেই মনোনয়ন দিয়েছে। আমি দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। আমি আগেও বলেছি, যিনিই নমিনেশন পান না কেন তার পক্ষেই আমি কাজ করব। এই নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর হয়েই মাঠে থাকব, ইনশাআল্লাহ।’
সংসদ থেকে বিএনপির এমপির পদত্যাগের ফলে চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনটি শূন্য হয়েছে। ওই আসনে ১ ফেব্রুয়ারি উপনির্বাচন হবে।
এই আসনসহ বিএনপির ছেড়ে দেওয়া ছয় আসনের মধ্যে তিনটিতে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। দুটি আসন ১৪ দলীয় শরিকদের ছেড়ে দিয়েছে, আর বাকি আসন উন্মুক্ত থাকবে বলে সিদ্ধান্ত দিয়েছে ক্ষমতাসীন দলটি।
রোববার রাতে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে এসব জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, ঠাকুরগাঁও-৩ আসনে ১৪ দলীয় জোটের ওয়ার্কার্স পার্টি, বগুড়া-৪ আসনে ১৪ দলীয় জোটের শরিক জাসদকে (ইনু) ছেড়ে দেওয়া হয়েছে। তারা সেখানে প্রার্থী মনোনয়ন দেবে। কাদের বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনেও আমরা কোনো প্রার্থী দিচ্ছি না। এ আসনটি উন্মুক্ত রাখা হয়েছে।
যে তিনটি আসনে আওয়ামী লীগের প্রার্থী দেওয়া হয়েছে সেগুলো হলো : বগুড়া-৬ আসনে রাগেবুল আহসান রিপু, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মু. জিয়াউর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আব্দুল ওদুদ।
মাহিয়া মাহি গত ২৯ ডিসেম্বর দুপুরে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। সে সময় মাহির মনোনয়ন সংগ্রহ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছিলেন, মাহির পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। মাহি নিজেও আওয়ামী লীগ করেন। ফলে তাকে মনোনয়নপত্র কেনার অনুমতি দেওয়া হয়েছে। দলের মনোনয়ন বোর্ড প্রার্থী চূড়ান্ত করবে।
৩০ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম জমা দেন মাহি। পরে তিনি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন। এ সময় মাহির সঙ্গে ছিলেন তার স্বামী রকিব সরকার।
কিছুদিন আগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে (একাংশ) পদ পেয়েছেন মাহি। আগামী ২ বছরের জন্য তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।
জনতার আওয়াজ/আ আ