আবরার ফাহাদকে হত্যা জায়েজ ছিল’- বক্তব্যের দায় যুবদলকে দিল ছাত্র ইউনিয়ন! - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০৮, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আবরার ফাহাদকে হত্যা জায়েজ ছিল’- বক্তব্যের দায় যুবদলকে দিল ছাত্র ইউনিয়ন!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ২৮, ২০২৫ ১১:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ২৮, ২০২৫ ১১:৩৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সদ্য কারামুক্ত জামায়াত নেতা এটিএম আজহারের মুক্তিকে কেন্দ্র করে শাহবাগ নিয়ে মন্তব্য করেন বুয়েটে ছাত্রলীগের হাতে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার আবরার ফাহাদের ছোটভাই আবরার ফাইয়াজ।

সেখানে তিনি বলেন, ‘এ টি এম আজহারের মুক্তিতে শাহবাগের কণ্ঠে আজ পরাজয়ের আর্তনাদ শোনা যাচ্ছে। একাত্তরের প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচারের পথ চিরদিনের জন্য ধ্বংস করেছে এ শাহবাগই।’

এই স্ট্যাটাসের ওপর ভিত্তি করে বার্তা বাজার তাদের ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করে।

পরে আজ এই ফটোকার্ড নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর শাখার সভাপতি শাহরিয়ার ইব্রাহিম। সেখানে তিনি লেখেন, ‘জাশির কুত্তা আবরার ফাহাদকে হত্যা কেন জায়েজ ছিল দেখ তোরা।’

শাহরিয়ার ইব্রাহিমের এ মন্তব্যের পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝাড়ছেন নেটিজেনরা। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হাতে শহীদ হওয়া একজন ভুক্তভোগীকে নিয়ে এ ধরনের মন্তব্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের আচরণের সঙ্গে মিল রয়েছে মনে করছেন তারা।

পরে সমালোচনার মুখে বুধবার রাতে একটি বিজ্ঞপ্তি দিয়েছে ছাত্র ইউনিয়ন। বিজ্ঞপ্তিতে ছাত্র ইউনিয়ন জানায়, আবরার ফাহাদের হত্যাকাণ্ডকে সমর্থন করে মন্তব্য করা শাহরিয়ার ইব্রাহিম ছাত্র ইউনিয়নের সঙ্গে সংশ্লিষ্ট কেউ নন। তার বক্তব্যের দায়ভার ছাত্র ইউনিয়নের নয়। ইব্রাহিমের বক্তব্য ছাত্র ইউনিয়ন সমর্থন করে না।

শাহরিয়ার ইব্রাহিম এক সময় ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর সংসদের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করলেও বর্তমানে তিনি জাতীয়তাবাদী যুবদলের সঙ্গে সম্পৃক্ত জানা গিয়েছে।

ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ যৌথ বিবৃতিতে শাহরিয়ার ইব্রাহিমের বক্তব্য প্রত্যাখান করেন।

বিবৃতিতে আরো বলা হয়, আবরার ফাহাদকে হত্যার পর ছাত্র ইউনিয়ন সবার আগে সেই হত্যাকাণ্ডের বিচার চেয়েছে। বিচার নিশ্চিতে রাজপথে থেকেছে। তাই শাহরিয়ার ইব্রাহিমের বক্তব্যকে ছাত্র ইউনিয়নের সাংগঠনিক বক্তব্য হিসেবে ধরে নেওয়ার কোনো সুযোগ নেই।

শাহরিয়ার ইব্রাহিমের বক্তব্যের দায়ভার শুধুমাত্র তার। তিনি এক সময় ছাত্র ইউনিয়নের সাথে সম্পৃক্ত থাকলেও বর্তমানে তিনি জাতীয়তাবাদী যুবদলের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গিয়েছে। ইব্রাহিমের বক্তব্যকে ছাত্র ইউনিয়নের সঙ্গে গুলিয়ে ফেলার সুযোগ নেই। আমরা ইব্রাহিমের বক্তব্যের নিন্দা জানাই। একই সঙ্গে ছাত্র ইউনিয়ন, এটিএম আজহারের মুক্তিকে কেন্দ্র করে আবরার ফাহাদের ছোটভাই আবরার ফাইয়াজের মন্তব্যকে নিন্দনীয় বলেও মন্তব্য করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ