আবারও অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে জোর দিল যুক্তরাষ্ট্র - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আবারও অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে জোর দিল যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ১৪, ২০২৩ ৮:০৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ১৪, ২০২৩ ৮:০৪ পূর্বাহ্ণ

 

বাংলাদেশের আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ যাতে হয় সেজন্য আবারও জোর দিল যুক্তরাষ্ট্র। সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও বেসামরিক নিরাপত্তাবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং একাধিক মন্ত্রী ও সচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের বিষয়ে সবার সঙ্গে আলোচনা হয়েছে। বাংলাদেশ সরকার সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে জোরালো প্রতিশ্রুতি দিয়েছে। নির্বাচন যাতে সুষ্ঠু হয় এবং সাংবাদিকরা যাতে বিনা বাধা ও ভয়ে দায়িত্ব পালন করতে পারে তা সরকারকে বলেছি। তিনি জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ হোক, তবে যুক্তরাষ্ট্র এতে সম্পৃক্ত হবে না।

উজরা জেয়া গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে ঢাকায় তার ব্যস্ততম কর্মসূচি শুরু করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর তিনি সচিবালয়ে যান। সেখানে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এরপর দুপুরে আসেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। সেখানে পররাষ্ট্র সচিব বিন মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। এরপর উভয়ই সাংবাদিকদের ব্রিফ করেন।

আন্ডার সেক্রেটারি উজরা জেয়া সেখানে সাংবাদিকদের বলেন, শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান, নির্বাচনে বৃহত্ জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং সুশাসনের ওপর নির্ভর করছে বাংলাদেশের সমৃদ্ধ ভবিষ্যত। গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকবে। আমরা বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বমূলক সম্পর্ককে স্বীকৃতি দেই এবং সেই সম্পর্ককে আরো গভীর করার ওপর জোর দেই।

উজরা জেয়া গত ১২ জুলাই ঢাকায় আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশের প্রসঙ্গ টেনে বলেন, আমরা রাজনৈতিক সমাবেশ দেখেছি, যা ছিল শান্তিপূর্ণ। আমরা এ ধরনের চিত্র ভবিষ্যতেও দেখতে চাই। সরকারের সঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে। কোনো ভীতি ছাড়া সাংবাদিকদের খবর পরিবেশন করা এবং মানব পাচার প্রতিরোধ নিয়েও আলোচনা করেছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ