আবু সাঈদের কবর জিয়ারত করলেন ড. ইউনূস
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, আগস্ট ১০, ২০২৪ ১:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, আগস্ট ১০, ২০২৪ ১:১০ অপরাহ্ণ

রংপুর প্রতিনিধি
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অন্যতম সমন্বয়ক আবু সাঈদের বাড়িতে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে রয়েছেন উপদেষ্টা পরিষদে থাকা দুজন ছাত্র প্রতিনিধিও।
শনিবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে হেলিকপ্টারে ড. মুহাম্মদ ইউনূস রংপুরের পীরগঞ্জে যান। সেখানে আবু সাঈদের কবর জিয়ারত এবং বিশেষ মোনাজাতের পর পরিবারের সঙ্গে কথা বলেন তিনি।
উল্লেখ্য, ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। পরে ১৭ জুলাই রংপুর পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামের বাড়িতে দাফন করা হয় তাকে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ ছিলেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক।
বৃহস্পতিবার (৮ আগস্ট) ফ্রান্সের প্যারিস থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ড. ইউনূস। বক্তব্যের শুরুতেই বলেন, ‘আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে। যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। কী অবিশ্বাস্য এক সাহসী যুবক! বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে।’ এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন ড. ইউনূস। তার গলার স্বর আটকে আসে।’
কিছুক্ষণ নীরব থেকে আবার কথা বলা শুরু করেন। বলেন, ‘তারপরে আর কোনো যুবক হার মানেনি। সামনে এগিয়ে গেছে এবং বলেছে, যত গুলি মারো, মারতে পারো, আমরা আছি, যার কারণে দেশজুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলো।’
এদিকে শুক্রবার (৯ আগস্ট) দুপুরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের মধ্যে দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এর আগে বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বঙ্গভবনে ড. ইউনূসসহ ১৪ উপদেষ্টাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বাকি তিন উপদেষ্টা ঢাকার বাইরে থাকায় শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।
জনতার আওয়াজ/আ আ