আব্বাস, স্বপন ও এ্যানির জামিন আবেদন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জানুয়ারি ২৪, ২০২৪ ৭:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জানুয়ারি ২৪, ২০২৪ ৭:৫১ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের পৃথক ১০টি মামলা এবং দলটির মিডিয়া সেলের আহ্বায়ক সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের পৃথক পাঁচটি মামলায় গ্রেফতার ও জামিন চেয়ে আবেদন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালতে এ আবেদন করা হয়।
এছাড়া নিউমার্কেট ও ধানমন্ডি থানার দুটি মামলায় বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির জামিন চেয়ে আবেদন করা হয়েছে।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে দলটির নেতাকর্মীদের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মির্জা আব্বাসের বিরুদ্ধে ১১টি মামলা হয়। এরমধ্যে শাহজাহানপুর থানার নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় গত ৩১ অক্টোবর রাতে ঢাকার শহীদবাগ এলাকা থেকে আব্বাসকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরে এ মামলায় গত ১লা নভেম্বর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ৫ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়।
তবে পল্টন থানার পুলিশ কনস্টেবল হত্যাসহ পাঁচ মামলা, প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ চার মামলা এবং রেওলয়ে থানার আরেকটি মামলায় মির্জা আব্বাসকে গ্রেপ্তার করা হয়নি। এসব মামলায় গ্রেফতার ও জামিন চেয়ে আবেদন করা হয়েছে।
এদিকে, জহির উদ্দিন স্বপনের বিরুদ্ধে রমনা ও পল্টন থানায় পৃথক সাতটি মামলা দায়ের হয়। গত ৩ নভেম্বর তাকে ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ১০ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়।
পরবর্তী সময়ে গত ২৭ নভেম্বর পল্টন থানার আরেক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে পাঁচদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত দুদিন রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ৩১ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়।
তবে পল্টন থানার তিনটি ও রমনা মডেল থানার দুটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়নি।
জনতার আওয়াজ/আ আ