আমরা ভালো নির্বাচন করতে চাই : রাশিদা সুলতানা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমরা ভালো নির্বাচন করতে চাই : রাশিদা সুলতানা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ২৭, ২০২২ ১:৫৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ২৭, ২০২২ ১:৫৮ পূর্বাহ্ণ

 

রংপুর সিটি করপোরেশনের (রসিক) নির্বাচন শতভাগ সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার প্রত্যয় ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা।

তিনি বলেছেন, আমরা ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই, এ আস্থা-বিশ্বাস মনের ভেতর আনতে হবে। আমরা বসার পর থেকেই শুনছি যে, নির্বাচন কমিশনের প্রতি আস্থা নেই। শুধু নির্বাচন কমিশন একা আস্থা তৈরি করবে তা নয়, সবাইকে আস্থা তৈরি করতে হবে। কারো না কারোর প্রতি বিশ্বাস থাকতে হবে।

শনিবার (২৬ নভেম্বর) দুপুরে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

রসিক নির্বাচনে ইভিএম নিয়ে এক প্রার্থীর শঙ্কার বিষয়ে রাশিদা সুলতানা বলেন, শুধু উনি কেন, ইভিএম নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন। আমি শুধু এটুকু বলবো, নির্বাচন কমিশনের মতো ইভিএমেও আস্থা আনতে হবে।

তিনি বলেন, যন্ত্রের ভেতরে কোনো ধরনের কারসাজির সুযোগ নেই এটা আমরা নিশ্চিত। এটা নিশ্চিত হয়েই জাতীয় নির্বাচনে সর্বোচ্চ দেড়শ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। শুধু এটুকু বলবো, যন্ত্র কখনও খারাপ হয় না, যন্ত্রের পেছনে হয়তো কেউ কেউ দুষ্কর্ম করতে চান। আমরা নির্বাচন কমিশন থেকে এমন দুষ্কর্মকে কখনো প্রশ্রয় দেইনি এবং দেব না। অন্তত নির্বাচন কমিশনের প্রতি এটুকু আস্থা রাখতে পারেন।

নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা বলেন, আমরা আসার পর ব্যাপকভাবে ইভিএমের পরীক্ষা-নিরীক্ষা করেছি। ইউনিয়ন পরিষদ, পৌরসভাসহ বিভিন্ন নির্বাচনে ইভিএমের ব্যবহার করেছি। ইভিএম বা যন্ত্রে কিন্তু কোনো ত্রুটি নেই।

তিনি আরও বলেন, সারাদেশে রংপুরের সুনাম আছে। সেই সুনাম অক্ষুণ্ণ রাখার চেষ্টা করছি। এজন্য আমি রংপুর সিটি করপোরেশনে অংশ নেওয়া সব প্রার্থী ও ভোটারসহ নগরবাসীর সহযোগিতা কামনা করছি।

এর আগে, ৩ নভেম্বর রংপুর সিটি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পরে ৭ নভেম্বর পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হয়।

তফসিল অনুযায়ী, আগামী ২৯ নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৮ ডিসেম্বর। এর পরদিন ৯ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ