আমরা সব হিসাব করেই এই সরকারকে ধরব: মান্না - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমরা সব হিসাব করেই এই সরকারকে ধরব: মান্না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ২৭, ২০২৩ ৪:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ২৭, ২০২৩ ৪:৫০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা সব হিসাব করেই এই সরকারকে ধরব, যে রকম ছাই দিয়ে মাছকে ধরে; ওরা নড়াচড়া করতে পারবে না। চলে যেতে হবে।

রবিবার (২৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের আয়োজনে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক শফিক রেহমান এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক রায়ের প্রতিবাদে আয়োজিত প্রতিবাদী সভায় এসব কথা বলেন তিনি।

মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার ক্ষমতা হারিয়ে যাওয়ার ভয়ে এখন উলটা পালটা বকছে। বিভিন্ন দেশে ঘুরে বেরাচ্ছে কিন্তু কেউ কথা বলছে না। আমেরিকা তো বিপক্ষে গেছেই, যারা উন্নত দেশ তারাও বিপক্ষে গেছে। তাদের পায়ের তলায় কোন মাটি নেই। যাদেরকে দিয়ে টাকার বিনিময়ে আওয়ামী লীগ শান্তির সমাবেশ করে এরাও থাকবে না। এদের পতন হবেই। এটা সময়ের ব্যাপার এবং অনেক বেশি সময় নাই অল্প সময়ের ব্যাপার।

তিনি বলেন, আমরা সব হিসাব করেই ওই রকম সময়ে এই সরকারকে ধরব, যে রকম ছাই দিয়ে মাছকে ধরে; ওরা নড়াচড়া করতে পারবে না। চলে যেতে হবে এবং সেইদিন বেশি দূরে নয়। সেদিনের জন্য অপেক্ষা করতে থাকেন। সামনের মাসের মধ্যে আলামত দেখতে পারবেন। তারপরের মাসের মধ্যে আমরা সরকারকে আমাদের চূড়ান্ত বার্তা দিতে চাই। আপনারা দলে দলে আমাদের কর্মসূচিতে যোগ দিন, এই সরকারের পতনের আন্দোলন ত্বরান্বিত করুন।

ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, ওবায়দুল কাদের সেদিন বলেছেন ‘বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে আওয়ামী লীগ এক রাতের মধ্যে শেষ হয়ে যাবে’ মানে কি? আপনারা নিজেরা নিজেরা পটল তুলবেন? আওয়ামী লীগের লোকেরা বিএনপি এসে গেছে বলে নিজেরা নিজেরা হার্টফেল করে মারা যাবে? ওবায়দুল কাদের সাহেব কী ব্যাখ্যা দেবেন উনি কি বুঝাতে চেয়েছেন? বিএনপির নেতারা বিভিন্ন জায়গায় বলেছেন, উনারা প্রতিশোধের রাজনীতি করবেন না। যদি তা-ই হয়ে তাহলে আপনারা (আওয়ামী লীগ) মরবেন কেন? আসল কথা কী জানেন? পাপ যে করে তার মনের মধ্যে পাপবোধ থাকে। ও যতই ধান্দা করুক, যতই চালাক হোক, সে জানে, সে যে পাপ করেছে হয়তো জনতা জানে না। কিন্তু সবার উপরে আল্লাহ জানে। সুতরাং তার মধ্যে মৃত্যু ভয় আছে, গ্রেফতার হওয়ার ভয় আছে, তার মধ্যে জেলে যাওয়ার ভয় আছে।

তিনি আরো বলেন, যে দেশে পঞ্চাদশ সংশোধনীর মতো একটা বেআইনী আইন সংসদে পাশ হয় সেই দেশে আপনি কোর্টের কাছে বিচার পাবেন না, সংসদের কাছে বিচার পাবেন না, কোন জজ-ব্যারিস্টারের কাছে বিচার পাবেন না, কারো কাছে বিচার পাবেন না। বিচার যদি চাইতে হয় তাহলে জনতার আদালতে যেতে হবে, এর কোন বিকল্প নেই। আর এজন্যই আমরা বলছি, যত দিল আছে, যত সংগঠন আছে, আপনাদের যত মতামত আছে, আপনাদের যত রকম পার্থক্য আছে সব নিজের নিজের কাছে আছে। এক দফাতে রাজপথে আসেন।

গণতন্ত্র ফোরামের সভাপতি ভিপি ইব্রাহীমের সভাপতিত্বে ও ইসমাইল হোসেন সিরাজির সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু না‌সের রহমতুল্লাহ, বিলকিস ইসলাম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ