আমাদের এটা মরণযাত্রা না আপনাদের জন্য আগাম শোকযাত্রা: কাদেরকে গয়েশ্বর
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জানুয়ারি ৩০, ২০২৩ ৪:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জানুয়ারি ৩০, ২০২৩ ৪:২৬ অপরাহ্ণ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমাদের এটা মরণযাত্রা না। এই যাত্রা আপনাদের জন্য আগাম শোকযাত্রা।
সোমবার (৩০ জানুয়ারি) যাত্রাবাড়ীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে পদযাত্রা করার আগে পদযাত্রা উদ্বোধনের সময় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে গয়েশ্বর বলেন, ‘এটা আমাদের কোনো মরণ যাত্রা না। আপনারা মরলে জানাযা পড়ানোর লোক থাকে না। তাই আমরা আগাম আপনাদের জন্য শোক মিছিল করছি। ভবিষ্যতে তো আপনাদের জন্য শোক মিছিল করার কেউ থাকবে না। সুতরাং এই শোক মিছিলের মধ্য দিয়েই এই অবৈধ সরকারকে পতন করব। এই মাফিয়া সরকারের হাত থেকে এই দেশকে জনগণের হাতে তুলে দেব।’
তিনি বলেন, ‘এই অবৈধ সরকার সকল ব্যাংক খালি করে দেশকে দেউলিয়ার পথে ঠেলে দিয়েছে। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। আমাদের এই পদযাত্রার মাধ্যমেই রাজপথ দখল করব। এবং এই স্বৈরাচার সরকারকে পতন করব।’
গয়েশ্বর আর বলেন, ‘দেশের জনগণের একটাই দাবি, নিরপেক্ষ নির্বাচন। এই মুদ্রা পাচারকারী শিশু হত্যাকারী সরকারকে এ দেশের জনগণ আর দেখতে চায় না। কিন্তু এ সরকার জোর করে ক্ষমতায় বসে আছে। দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে আশা করছি চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারবো এবং দেশের প্রকৃত মালিক জনগণকে তাদের মালিকানা ফেরত দিতে পারব।’
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপটিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাই চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ও শত শত নেতাকর্মী।
জনতার আওয়াজ/আ আ