আমাদের ৫ আগস্টের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে: জাহিদ হোসেন - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমাদের ৫ আগস্টের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে: জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫ ২:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫ ২:৩২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

এ জাতি ২০২৪-এর ৫ আগস্ট যেমন ঐক্যবদ্ধ ছিল, তেমনিভাবে আজকেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে জাতীয়তাবাদী মৎস্যজীবি দল ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের উদ্যোগে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘৭ নভেম্বর যে ঐক্য হয়েছিল, সেই ঐক্য আজকে আবারো প্রয়োজন। ২০২৬-এর ফেব্রুয়ারীর মধ্য সময়ে জাতীয় নির্বাচন হবে। স্বৈরাচার ও কর্তৃত্ববাদী সরকার দেশের অর্থনীতিকে খালি করে দিয়েছে। এছাড়া দেশের সার্বভৌমত্বকে প্রায় অন্য একটি দেশের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করেছে।’

তিনি বলেন, ‘আজকে যারা পালিয়ে গেছে, তারা সেখানে (ভারতে) বসে বসে সেই পুরনো স্টাইলে আগুন সন্ত্রাস করছে। শেখ হাসিনার বিচারের রায়ের সময় দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করে সেই পুরনো কায়দায় আগুন সন্ত্রাস করতে তারা (আওয়ামী লীগ) আবারও মাঠে নেমেছে।’

তিনি আরও বলেন, ‘আজকে যদি আমাদের মধ্যে কোনো বিভাজন হয়, তাহলে লাভ হবে পতিত স্বৈরাচারের। আর এর ফল ভোগ করার জন্য তারা উঠে পড়ে লেগে আছে। আমাদের ঐক্যকে যদি তারা বিনষ্ট করতে পারে, তাহলে তারা ঐক্যের ফাঁক দিয়ে প্রবেশের চেষ্টা করবে। এ জাতি ২০২৪-এর ৫ আগস্ট যেমন ঐক্যবদ্ধ ছিল, তেমনিভাবে আজকেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বৈরাচার তো পালিয়ে গেছে, কিন্তু স্বৈরাচারের দোসর এখনো এই দেশে আছে। কাজেই আমাদের আশেপাশের মানুষের দিকে খেয়াল রাখতে হবে।’

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘আজকে যদি আমরা রাজনৈতিক ঐক্য ধরে রাখতে পারি, দেশ যেমন ৭ নভেম্বর ও ২০২৪-এর ৫ আগস্টে লাভবান হয়েছিল, আগামী নির্বাচনেও দেশ লাভবান হবে।’

আলোচনা সভায় মৎস্যজীবি দল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমির হোসেন আমির, সদস্য সচিব মো. বাকিবিল্লাহ, মহানগর দক্ষিণের সদস্য সচিব কে এম সোহেল রানাসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ