আমানকে প্রয়োজনীয় চিকিৎসা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুলাই ২৯, ২০২৩ ৫:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুলাই ২৯, ২০২৩ ৫:৩৭ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
গাবতলীতে বিএনপির অবস্থান কর্মসূচি পালনের সময় অসুস্থ হয়ে পড়েন দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান। পরে তকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকুর নেতৃত্বে প্রতিনিধি দল।
শনিবার (২৯ জুলাই) দুপুরে তারা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আমান উল্লাহ আমানকে দেখতে যান। এরপর গণমাধ্যমকর্মীদের লিকু বলেন, প্রধানমন্ত্রী মানবতার মা। তিনি আমান ভাইকে উন্নত চিকিৎসার জন্য যা যা করা প্রয়োজন সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী তার জন্য ফল ও খাবার পাঠিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য আমানউল্লাহ আমান পছন্দের যেকোনো জায়গায় যেতে পারেন।
রাজনীতির বাইরেও আমাদের মধ্যে একটা মানবিক সম্পর্ক রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
গাজী হাফিজুর রহমান আমানউল্লাহ আমানকে বলেন, প্রধানমন্ত্রী আপনার জন্য এসব খাবার, ফল ও জুস পাঠিয়েছেন এবং আপনার স্বাস্থ্যের খোঁজ-খবর জানতে চেয়েছেন। তিনি আপনার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
লিকু আরও বলেন, চিকিৎসার জন্য দেশের ভেতরে অন্য যেকোনো হাসপাতালে আমানউল্লাহ আমান যেতে চাইলে তারও সুব্যবস্থা করে দেবেন প্রধানমন্ত্রী।
আমানউল্লাহ আমান প্রধানমন্ত্রীর এসব উপহার গ্রহণ করেন এবং মানবতা ও রাজনৈতিক শিষ্টাচারের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
জনতার আওয়াজ/আ আ