আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’—লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ ২:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ ২:৩৭ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
সামাজিক যোগাযোগ মাধ্যম মেসেঞ্জারের নোটসে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’– লিখে আত্মহত্যা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পিনাক রঞ্জন সরকার।
সোমবার (২১ এপ্রিল রাত আনুমানিক ৮টায় রাজধানীর হাতিরপুল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সহপাঠীদের বক্তব্য অনুযায়ী তিনি হতাশা থেকে আত্মহত্যা করেছেন।
মারা যাওয়া পিনাক রঞ্জন সরকারের বাড়ি ময়মনসিংহের সদর উপজেলায়। ঢাবির চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ন বিভাগ মাস্টার্সের শিক্ষার্থী তিনি। পড়ালেখার পাশাপাশি একটি চিত্রাঙ্কন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শেখাতেন পিনাক। সপ্তাহে শুক্র ও শনিবার সেখানে শিশু ছাড়াও বিভিন্ন বয়সি শিক্ষার্থীদের ক্লাশ করাতেন।
পিনাক রঞ্জনের সহপাঠী অর্নব চন্দ্র দেব বলেন, ‘সোমবার রাতে আমরা পিনাক রঞ্জনের ফেসবুকের মেসেঞ্জার নোটসে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লেখাটি দেখতে পাই। এ নোট দেখে তার রুমমেট ও সহপাঠী জাহিদুল ইসলামকে জানাই। তখন জাহিদ তার অফিসে ছিল।
সে অফিস থেকে এসে দেখে কক্ষের ভেতর থেকে দরজা বন্ধ। জাহিদ তাৎক্ষণিক ৯৯৯এ কল দিলে পুলিশ এসে ভেতরে প্রবেশ করে সিলিং ফ্যান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।’ অর্ণব আরও বলেন, ‘পিনাক রঞ্জন সরকারের বাড়ি ময়মনসিংহ। তিনি কিছুটা চাপা স্বভাবের ছিলেন।
নিজের আবেগ,অনুভূতি, হতাশা খুব একটা প্রকাশ করতেন না। তবে তার কাছের বন্ধুরা তাকে গত কয়েকদিন হতাশায় ভুগতে দেখেছেন। এ হতাশার কারণ অস্পষ্ট। ধারণা করা হচ্ছে পিনাক রঞ্জন এ হতাশা থেকেই আত্মহত্যা করেছেন।’
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, ‘চারুকলা অনুষদের শিক্ষার্থী পিনাক রঞ্জনের মরদেহটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. ইস্রাফিল প্রাং গিয়েছেন। তিনি বিস্তারিত বলতে পারবেন।
এ বিষয়ে সহকারী প্রক্টর ইস্রাফিল প্রাংএর সাথে একাধিকবার যোগাযোগ করার জন্য চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।’
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়া জানান, খবর পেয়ে সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাত পৌনে ৮টার দিকে হাতিরপুল ফ্রি স্কুল স্ট্রিটের ৩৮৭/৫ নম্বর বাড়ির ৯ম তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিট থেকে ৭টা ২০ মিনিটের মধ্যর যেকোনো সময় তিনি এই ঘটনা ঘটিয়েছেন। এর বাইরেও ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
জনতার আওয়াজ/আ আ